পশ্চিমবঙ্গে শীঘ্রই অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের ঘোষণা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৮
আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের পশ্চিমবঙ্গে খুব শিগগিরই প্রস্তাবিত অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) কার্যকর করা হবে বলে জানিয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। একই সাথে জোরপূর্বক ধর্মান্তর রোধ এবং জমি কেনাবেচায় নতুন আইনি বিধিনিষেধ আরোপে কঠোর আইন প্রণয়ন করা হবে বলেও তিনি জানান।
গত মঙ্গলবার বাঁকুড়ায় আয়োজিত এক সভায় শুভেন্দু অধিকারী এই মন্তব্য করেন।
‘এক দেশ, এক আইন’ লক্ষ্য বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বিজেপি নেতা বলেন, রাজ্যে শিগগিরই অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হবে। এর পরপরই ধর্মান্তর নিয়ন্ত্রণ ও নির্দিষ্ট কিছু সম্প্রদায়ের মধ্যে জমি লেনদেন নিয়ন্ত্রণে নতুন আইন আনা হবে। তবে জমি কেনাবেচায় কী ধরনের সুনির্দিষ্ট বিধিনিষেধ থাকবে, সে বিষয়ে তিনি বিস্তারিত স্পষ্ট করেননি। তার এই বক্তব্য রাজ্য রাজনীতিতে বিজেপির দীর্ঘদিনের অবস্থানকে নির্দেশ করে।
উল্লেখ্য, প্রস্তাবিত অভিন্ন দেওয়ানি বিধিতে ধর্মবর্ণ নির্বিশেষে বিয়ে, বিবাহবিচ্ছেদ, সম্পত্তি উত্তরাধিকার ও দত্তক গ্রহণের মতো বিষয়ে সব নাগরিকের জন্য একটি অভিন্ন আইনি কাঠামো চালুর কথা বলা হয়েছে। এটি কার্যকর হলে বর্তমান ধর্মভিত্তিক ব্যক্তিগত আইনগুলোর পরিবর্তে একটি একক আইনি ব্যবস্থা প্রযোজ্য হবে। তবে সংবিধানে সংরক্ষিত বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের বিশেষ সুরক্ষার বিধানগুলো অপরিবর্তিত থাকবে।
আপনার মতামত লিখুন :