• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে বিবর্তন যশোরের ‘আনন্দ বাড়ি’র আয়োজনে সুলতান জন্মজয়ন্তী


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৭ অগাস্ট ২০২৬, ১৭:৫৬
ছবির ক্যাপশন: ad728

বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে যশোরে উৎসবমুখর পরিবেশে চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের মুনশি মেহেরুল্লাহ ময়দানের রওশন আলী মঞ্চে বিবর্তন যশোর পরিচালিত চারুকলা শিক্ষালয় ‘আনন্দ বাড়ি’ এ আয়োজনের আয়োজন করে।

এর আগে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ফিতা কেটে বর্ণাঢ্য চিত্র প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চারুপীঠ যশোরের অধ্যক্ষ ভাস্কর মাহবুব জামাল শামীম এবং চিত্রশিল্পী ও লেখক মফিজুর রহমান রুননু। প্রদর্শনীতে ৫ থেকে ১২ বছর বয়সী মোট ৩৯ জন শিশুশিল্পীর চিত্রকর্ম স্থান পায়। এতে অংশগ্রহণকারী উল্লেখযোগ্য শিশুশিল্পীরা হলো—বিদূষী বসু, সুবাহ শারিন, জোহাইব আসকার, অদ্রিতা চক্রবর্তী ও লাবিবা তাসনিম।

পরবর্তীতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চিত্রশিল্পী মফিজুর রহমান রুননু বলেন, "ছোটদের মানসিক বিকাশ ও চিন্তা প্রকাশের ক্ষেত্রে চিত্রাঙ্কনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিত্রাঙ্কনের মধ্য দিয়েই শিশুদের মনের সুপ্ত ভাবনা সুন্দরভাবে প্রকাশ পায়। সমাজ গঠন ও যেকোনো সৃজনশীল কাজে শিশুদের উদ্বুদ্ধ করতে হবে এবং এখন থেকেই তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে; কারণ এই শিশুরাই আগামী দিনে সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব দেবে।"

অনুষ্ঠানে বিবর্তন যশোরের সাধারণ সম্পাদক নওরোজ আলম খান চপল, যশোর ইনস্টিটিউটের লাইব্রেরি সম্পাদক অধ্যাপক জুলফিকার আলী মাসুম এবং ‘আনন্দ বাড়ি’র অধ্যক্ষ শীলা রাণী দাস বক্তব্য রাখেন। শর্মিষ্ঠা তুপার সঞ্চালনায় এতে যশোরের বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী পর্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর ইনস্টিটিউটের সহ-সভাপতি সানোয়ার আলম খান দুলু, চারুপীঠ যশোরের সম্পাদক কাজী মামুনুর রশীদ, বিবর্তন যশোরের উপদেষ্টা ইয়াসিন আলী ছটু, সংস্কৃতিজন তরিকুল ইসলাম তারু ও আতিকুজ্জামান রনি।

আলোচনা সভা ও চিত্র প্রদর্শনী শেষে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় লেখকদের কবিতা আবৃত্তি ও সঙ্গীতের পাশাপাশি শিশুশিল্পীদের পরিবেশনায় ‘নাককাটা রাজা’ এবং ‘পুতুলের বিয়ে’ নামে দুটি নাটক মঞ্চস্থ হয়।