ঝিকরগাছায় জাম গাছ থেকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬, ০৪:৫৩
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা উপজেলায় জাম গাছ থেকে পড়ে আসিফ আহমেদ (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত রবিবার (৭ জুন) দুপুরে গাছ থেকে পড়ে গুরুতর আহত হওয়ার পর, ওইদিন সন্ধ্যায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত আসিফ আহমেদ ঝিকরগাছা উপজেলার ২নং মাগুরা ইউনিয়নের কায়েমকোলা দক্ষিণপাড়া গ্রামের আসাদের ছোট ছেলে। তাঁর এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে ঝিকরগাছা থেকে আসিফের এক বন্ধু তাঁর সঙ্গে দেখা করতে আসেন। পরে তাঁরা দুই বন্ধু মিলে পার্শ্ববর্তী চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের রাণীয়ালী গ্রামে জাম খেতে যান। সেখানে একটি বড় জাম গাছে ওঠার পর অসাবধানতাবশত আসিফ ওপর থেকে মাটিতে পড়ে যান। এতে তিনি মাথা ও শরীরে গুরুতর আঘাত পান।
দুপুর আনুমানিক ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও তাঁর বন্ধু আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক আসিফকে মৃত ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :