যশোরে আশঙ্কাজনকহারে বেড়েছে খুন ও ধর্ষণ: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভায় উদ্বেগ
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬, ০৭:৫২
নিজেস্ব প্রতিনিধি:
যশোর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থাপিত প্রতিবেদন অনুযায়ী, মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে জেলায় খুন, ধর্ষণ ও নারী নির্যাতনের মতো গুরুতর অপরাধের সংখ্যা আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভায় উপস্থিত বক্তারা অসন্তোষ প্রকাশ করেছেন।
আজ রোববার সকাল ১১টায় জেলা কালেক্টরেট ভবনের ‘অমিত্রাক্ষর’ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসান।
সভায় গত এপ্রিল মাসের অপরাধ চিত্র তুলে ধরা হয়। তথ্যানুযায়ী, এপ্রিল মাসে জেলায় ৬টি খুন এবং ৮টি ধর্ষণ এর ঘটনা ঘটেছে। যেখানে এর আগের মাস মার্চে খুনের সংখ্যা ছিল ৩টি এবং ধর্ষণ ছিল ৬টি। অর্থাৎ এক মাসের ব্যবধানে খুনের ঘটনা দ্বিগুণ হয়েছে।
এছাড়া এপ্রিলে অন্যান্যভাবে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ২৩টি এবং মানব পাচারের মামলা হয়েছে ২টি। উদ্বেগজনক বিষয় হলো, এপ্রিল মাসে পুলিশ আক্রান্ত হওয়ার একটি ঘটনা ছাড়াও ২টি সিধেল চুরির ঘটনা রেকর্ড করা হয়েছে, যা আগের মাসে ছিল না।
অন্যান্য অপরাধ বাড়লেও অস্ত্র, বিস্ফোরক ও মাদক আইনে মামলার সংখ্যা গত মাসের তুলনায় কিছুটা কমেছে। এপ্রিলে অস্ত্র আইনে ২টি ও বিস্ফোরক আইনে ১টি মামলা হয়েছে (মার্চে ছিল যথাক্রমে ৫টি ও ৩টি)। মাদক সংক্রান্ত মামলা মার্চে ১১৯টি থাকলেও এপ্রিলে তা কমে দাঁড়িয়েছে ১০২টিতে।
সভায় উপস্থিত সদস্যরা জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ‘সন্তোষজনক নয়’ বলে উল্লেখ করেন। অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানানো হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিডিএলজি ও পৌর প্রশাসক রফিকুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার, সেনাবাহিনী, বিজিবি ও আনসারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান প্রমুখ।
আপনার মতামত লিখুন :