যশোরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান শামীম রেজা গ্রেপ্তার
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৫ অগাস্ট ২০২৬, ১৪:১১
স্টাফ রিপোর্টার :
যশোরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম রেজাকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আটক শামীম রেজা যশোর সদর উপজেলার মাহিদিয়া এলাকার মৃত আব্দুল আজিজ বিশ্বাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) কামাল তপসীডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে দুপুর আনুমানিক ১টার দিকে শামীম রেজাকে আটক করেন। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আদালতে পাঠানো হয়।
মামলার বিবরণ ও পুলিশ জানায়, গত ৩১ জুলাই রাত সাড়ে ৯টার দিকে রাজারহাট রামনগর পিকনিক কর্নারের পাশে একটি গরুর খামারের সামনে আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় ১৮০ থেকে ২০০ নেতাকর্মী মশাল মিছিল বের করেন এবং সরকারবিরোধী স্লোগান দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন। এই ঘটনার পর দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
রাজনৈতিক অঙ্গনে শামীম রেজা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের অনুসারী হিসেবে পরিচিত। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল থেকে তাঁকে মনোনয়ন না দেওয়া হলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।
আপনার মতামত লিখুন :