বিশ্বকাপ বয়কটের পথে পিসিবি, সমর্থনের পাক ক্রিকেটাররা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারী ২০২৬, ১১:৪৭
ক্রীড়া প্রতিবেদক :
আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে পাকিস্তান ক্রিকেট দলে। নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে আইসিসি বাদ দেওয়ার পর থেকেই এই অস্থিরতার শুরু। এই ইস্যুতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কঠোর ও নীতিগত অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন দেশটির জাতীয় দলের ক্রিকেটাররা।
সোমবার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে এক বিশেষ বৈঠক করেন। সেখানে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বোর্ডের অবস্থান পরিষ্কার করেন। বৈঠকে উপস্থিত অধিনায়ক সালমান আলী আগা ও বাবর আজমসহ শীর্ষ ক্রিকেটাররা আইসিসির সিদ্ধান্তের প্রতিবাদে পিসিবির পাশে থাকার ঘোষণা দেন।
পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি আইসিসির কর্মকাণ্ডকে ‘দ্বিমুখী নীতি’র প্রতিফলন বলে অভিহিত করেছেন। তিনি প্রশ্ন তোলেন, ভারত যদি নিরাপত্তা অজুহাতে পাকিস্তানে খেলতে না যায় এবং আইসিসি যদি তাদের জন্য ‘হাইব্রিড মডেল’ (অন্য দেশে খেলা) মেনে নেয়, তবে বাংলাদেশের একই ধরনের দাবি কেন গ্রাহ্য করা হলো না? বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, এই প্রতিবাদ ক্রিকেটের ‘স্বর্ণালী নীতিমালা’ থেকেই এসেছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান শেষ পর্যন্ত অংশগ্রহণ করবে কি না, তা নিয়ে আজ (সোমবার) প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসছেন মহসিন নাকভি। জানা গেছে, সরকার যে নির্দেশনা দেবে, পিসিবি সেই অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বিষয়টি নিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গেও পরামর্শ করা হতে পারে।
বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য জাতীয় দলকে শুভকামনা জানিয়েছেন মহসিন নাকভি। তিনি খেলোয়াড়দের ক্রিকেটের মাঠের লড়াইয়ে মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং দলীয় প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ সফর বাতিল করার পর তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। এখন সবার নজর আজ প্রধানমন্ত্রীর সাথে পিসিবি প্রধানের বৈঠকের দিকে—পাকিস্তান কি শেষ পর্যন্ত বিশ্বকাপ বয়কট করবে, নাকি শ্রীলঙ্কায় নির্ধারিত গ্রুপ ম্যাচগুলো খেলতে যাবে?
আপনার মতামত লিখুন :