‘নতুন রূপে ফ্যাসিবাদ এলে জনগণ আবার লাল কার্ড দেখাবে’: ডা. শফিকুর রহমান
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১২
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষ রঙিন জামা পরা ফ্যাসিবাদকে ইতোমধ্যেই লাল কার্ড দেখিয়েছে। এখন যদি কেউ নতুন রূপে ফের ফ্যাসিবাদ কায়েম করতে চায়, সচেতন জনগণ তাদেরও ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।
রোববার (১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের পীরেরবাগ কাঁচাবাজার সংলগ্ন এলাকায় আয়োজিত এক নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।
তরুণ প্রজন্মের ওপর আস্থা প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, "আমি চাই বাংলাদেশ নামক এই উড়োজাহাজের ককপিটে যুবকরাই বসুক। তারা দেশ চালাবে, আর আমি নিজে সেই উড়োজাহাজের একজন সাধারণ যাত্রী হয়ে তাদের পাশে থাকতে চাই। অতীতের পচা ও দুর্গন্ধময় রাজনীতি থেকে যুবকরাই দেশকে মুক্ত করে সামনে এগিয়ে নিয়ে যাবে।" তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন যে, তিনি বিশ্রামে নয়, বরং যুবকদের কাতারেই থেকে লড়াই চালিয়ে যাবেন।
জুলাই আন্দোলনের স্মৃতি চারণ করে তিনি বলেন, "১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বোনদের গায়ে যখন হাত দেওয়া হয়েছে, তখন আমাদের কলিজা ছিন্নভিন্ন হয়ে গেছে। কোনো মায়ের সন্তান তা মেনে নিতে পারে না। আমাদের কাছে মায়ের ইজ্জতের দাম জীবনের চেয়েও বেশি। জীবন দিতে পারি, কিন্তু মায়ের সম্মান কারও হাতে তুলে দিতে পারি না।"
ম্প্রতি নিজেকে ঘিরে ছড়ানো বিভিন্ন গুজব প্রসঙ্গে জামায়াত আমির বলেন, "আজ আমার নামে নানা নোংরা কুৎসা রটানো হচ্ছে। যাদের নিজেদের চরিত্রে কোনো সম্পদ নেই, তারাই অন্যের চরিত্র নিয়ে নোংরামি করে। কিন্তু এসব করে লাভ হবে না, কারণ এ দেশের তরুণ সমাজ ও সাধারণ মানুষ জেগে উঠেছে।"
তিনি একজন সাধারণ নারীর উদাহরণ টেনে বলেন, "অনেক মা-বোন আজ মিডিয়ার সামনে নির্ভয়ে বলছেন তারা জামায়াতের হাতে দেশ দেখতে চান। তারা বিশ্বাস করেন জামায়াত এলে সন্ত্রাস, গুন্ডামি এবং ভোটকেন্দ্র দখলের রাজনীতি বন্ধ হবে।"
বক্তব্যের শেষে তিনি আগামী ১৩ তারিখের পর একটি ‘ইনসাফ কায়েমের’ নতুন বাংলাদেশের স্বপ্ন ব্যক্ত করেন এবং যুবকদের হাত মজবুত করে দেশ গড়ার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :