• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ ও মিছিল


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬, ১৬:৩৮
ছবির ক্যাপশন: ad728

​নিজস্ব প্রতিবেদক
​যশোরে গণভোটের রায় বাস্তবায়ন এবং সংবিধান সংস্কারের দাবিতে বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ১১ দলীয় জোট। আজ শনিবার বিকেলে শহরের ঈদগাহ মোড়ে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল।

​সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল ১৯৭৭ ও ১৯৯১ সালের গণভোটের ইতিহাস টেনে বলেন, "জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে। ৭২-এর সংবিধানে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের কথা থাকলেও বাস্তবে তা কখনো প্রতিষ্ঠিত হয়নি। বর্তমান সংবিধান সংস্কার ছাড়া দেশে প্রকৃত সাম্য ও ন্যায়বিচার আসা সম্ভব নয়।"

তিনি বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের ভোটাধিকার নিয়ে যে দাবি করছেন তা মূলত জনগণের সাথে প্রতারণা। বর্তমানে সিটি কর্পোরেশন, জেলা পরিষদ এমনকি উচ্চ আদালতসহ প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। বিচারক নিয়োগ ও পুলিশের কার্যক্রমে রাজনৈতিক হস্তক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে তিনি অবিলম্বে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।

​জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রেজাউল করিম ও শামসুজ্জামানের যৌথ সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, ​জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফর, ​নায়েবে আমীর হাবিবুর রহমান, ​সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস,​এনসিপির জেলা সমন্বয়কারী নুরুজ্জামানসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের ঈদগাহ মোড় থেকে শুরু হয়ে দড়াটানা মোড় প্রদক্ষিণ করে মনিহার মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে যশোর জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ১১ দলীয় জোটের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।