পুটখালী সীমান্তে বিজিবি-র্যাবের যৌথ অভিযানে ৩৭২ বোতল মাদকসহ আটক ২
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬, ৬:০০
বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে যৌথ অভিযান চালিয়ে ৩৭২ বোতল ভারতীয় ‘উইনসিরেক্স’ (ফেনসিডিল সদৃশ) সিরাপসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বিজিবি ও র্যাব।
শনিবার (৪ এপ্রিল) খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ন এবং র্যাব-৬, যশোর ক্যাম্পের সদস্যরা পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করেন।
আটককৃতরা হলেন—বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের পশ্চিমপাড়ার শাহআলমের ছেলে সুমন মিয়া (১৭) এবং একই গ্রামের উত্তরপাড়ার আব্দুল মালেকের ছেলে নয়ন মিয়া (২০)।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, পুটখালী সীমান্ত দিয়ে বড় একটি মাদকের চালান দেশে প্রবেশ করছে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবি ও র্যাব সদস্যরা ওই এলাকায় একটি যৌথ অবস্থান গ্রহণ করে। তল্লাশিকালে ৩৭২ বোতল ভারতীয় অবৈধ সিরাপসহ হাতেনাতে ওই দুই তরুণকে আটক করা হয়।
অধিনায়ক আরও বলেন, "সীমান্তে মাদক ও যে কোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। যৌথ বাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।"
আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে বিজিবি নিশ্চিত করেছে।
আপনার মতামত লিখুন :