• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে ২০ মামলার কুখ্যাত সন্ত্রাসী ‘খোঁড়া কামরুল’ গ্রেপ্তার


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬, ১১:৩৭
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
যশোরের চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, হত্যা ও অস্ত্রসহ অন্তত ২০টি মামলার এজাহারভুক্ত আসামি কামরুল ইসলাম ওরফে খোঁড়া কামরুলকে (৪৭) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আজ রোববার (৩১ মে) যশোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত খোঁড়া কামরুল যশোর শহরতলীর খোলাডাঙ্গা এলাকার আব্দুল আজিজের ছেলে।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, গত ৬ এপ্রিল কোতোয়ালি থানায় দায়ের করা একটি অস্ত্র আইনের মামলায় খালিদুর রহমান টিটু ও শেখ মইনুদ্দিন ফেরদৌস নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের রিমান্ডে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হলে ওই অবৈধ অস্ত্রের চালানের সাথে খোঁড়া কামরুলের সরাসরি সম্পৃক্ততা পায় পুলিশ।

সেই তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ দল কামরুলকে গ্রেপ্তারে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় গত শনিবার (৩০ মে) বিকেলে যশোর শহরের মিশনপাড়া এলাকার একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ডিবি পুলিশ।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, আটক কামরুল যশোর শহরের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের অন্যতম প্রধান জোগানদাতা হিসেবে কাজ করতেন। যশোর ও এর আশপাশের জেলাগুলোতে অবৈধ অস্ত্র কেনাবেচার সিন্ডিকেটের সাথে তিনি সরাসরি জড়িত।

পুলিশের রেকর্ড অনুযায়ী, কামরুলের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা, অস্ত্র আইনে ছয়টি, বিস্ফোরক আইনে চারটি, চাঁদাবাজি আইনে সাতটি, বিশেষ ক্ষমতা আইনে একটি এবং মাদক আইনে একটিসহ মোট ২০টি মামলা চলমান রয়েছে।

আজকের এই প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ডিবি পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ জানায়, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং তার চক্রের বাকি সদস্যদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।