বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে কমিটি ও অর্থের সংস্থান করে যাচ্ছেন অর্থ উপদেষ্টা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৩
স্বপ্নভূমি ডেস্ক :
সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামোর সুপারিশ বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারি কর্মকর্তাদের মূল বেতন দ্বিগুণেরও বেশি বাড়ানোর যে সুপারিশ জাতীয় বেতন কমিশন করেছে, তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান নিশ্চিত করে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।
বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী এখনই কেন প্রজ্ঞাপন জারি করা হচ্ছে না— এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, "গেজেট করা কোনো সহজ কাজ নয়। এটি বাস্তবায়নের সময় স্পষ্ট করতে হয় কোন খাতে কত ব্যয় হবে। তবে আমরা এই সুপারিশগুলো গভীরভাবে পর্যালোচনার (এক্সামিন) জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিয়ে যাবো।"
তিনি আরও জানান, বেতন বৃদ্ধির এই বিশাল প্রক্রিয়া যেন থমকে না যায়, সেজন্য বাজেটে পর্যায়ক্রমে (ফেজওয়াইজ) প্রয়োজনীয় অর্থ বরাদ্দের ব্যবস্থা করা হচ্ছে।
পরবর্তী সরকার এই সুপারিশ বাস্তবায়ন করবে কি না— সাংবাদিকদের এমন সংশয়ের জবাবে সালেহউদ্দিন আহমেদ দৃঢ়তার সাথে বলেন, "আমরা টাকা-পয়সার সংস্থান রেখে যাবো এবং সুপারিশগুলো বাস্তবায়নের জোরালো নির্দেশনা দিয়ে যাবো। বেতন কমিশনের রিপোর্টটি অত্যন্ত চমৎকার হয়েছে এবং আমরা আশা করি এটি সফলভাবে বাস্তবায়িত হবে।"
উল্লেখ্য, সম্প্রতি জাতীয় বেতন কমিশন সরকারি চাকরিজীবীদের মূল বেতন বর্তমানের তুলনায় দ্বিগুণেরও বেশি বাড়ানোর সুপারিশ করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সরকারি কর্মীদের জীবনযাত্রার মানোন্নয়নে এই সুপারিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :