• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোর সরকারি এমএম কলেজে অনার্স প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬, ১৭:৪৪
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক, যশোর:
যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৮ জুন) সকাল থেকে কলেজের ১৯টি বিভাগে পৃথক পৃথকভাবে এই ওরিয়েন্টেশন ক্লাসের আয়োজন করা হয়। এদিন প্রায় ৩ হাজার নবীন শিক্ষার্থীকে ফুল দিয়ে আন্তরিকভাবে বরণ করে নেয় সংশ্লিষ্ট বিভাগগুলোর শিক্ষক ও কর্তৃপক্ষ।

সকাল থেকেই কলেজের পাঁচটি একাডেমিক ভবনজুড়ে নবাগত শিক্ষার্থীদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে শিক্ষার্থীদের কলেজের সামগ্রিক শিক্ষা কার্যক্রম, একাডেমিক নিয়ম-কানুন, সহশিক্ষা কার্যক্রম (কো-কারিকুলার অ্যাক্টিভিটিস) ও ভবিষ্যৎ শিক্ষাজীবন সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর এস. এ. শফিকুল ইসলাম বলেন, “উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে নবাগত শিক্ষার্থীরা একদিন দক্ষ মানবসম্পদে পরিণত হবে। তারাই ভবিষ্যতে দেশ ও সমাজকে সামনের দিকে এগিয়ে নেবে। ভালো ফলাফল অর্জনের জন্য নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু পরীক্ষার সময় অংশগ্রহণ করে কখনো কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব নয়।” তিনি শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নৈতিকতা ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর এ কে এম রফিকুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

এদিকে, নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে এবং বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন জাতীয়তাবাদী ছাত্রদলের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও কলেজ শাখার সাবেক আহ্বায়ক শেখ হাসান ইমাম এবং কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু। এ সময় উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিব আনোয়ার, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সামাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হোসেন শুভসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের কলেজ শাখার সভাপতি রাকিবুল ইসলাম। এ সময় সংগঠনের সেক্রেটারি আনিসুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী আয়োজিত এই ওরিয়েন্টেশন অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নতুন শিক্ষাবর্ষের শুরুতেই কলেজ পরিবারের পক্ষ থেকে এমন উষ্ণ ও আন্তরিক অভ্যর্থনা পেয়ে শিক্ষার্থীরা গভীর আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।