যশোরে যুবদলের সংবাদ সম্মেলন: অপপ্রচারের প্রতিবাদ ও সহযোগিতা কামনা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬, ১৪:০৭
স্টাফ রিপোর্টার :
জাতীয়তাবাদী যুবদল জেলা শাখার উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৬ মে ২০২৬) শহরের প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্য সচিব আনছারুল হক রানা লিখিত বক্তব্য উপস্থাপন করেন।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ অভিযোগ করেন, সম্প্রতি কিছু অখ্যাত গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য প্রচার করা হয়েছে। এতে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলেও তারা দাবি করেন।
লিখিত বক্তব্যে বলা হয়, যশোর জেলা যুবদল দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় রয়েছে এবং বিগত সময়ে বিভিন্ন নির্যাতন ও মামলার মুখোমুখি হয়েও সংগঠনকে সুসংগঠিত রেখেছে। কিন্তু একটি কুচক্রী মহল সংগঠনের ঐক্য বিনষ্ট এবং জেলা বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে।
তারা আরও বলেন, একটি গণমাধ্যমে যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মাদক ও স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে অপপ্রচার চালানোর অভিযোগও করেন তারা।
নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের কারণে তারা ব্যক্তিগত ও পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সাম্প্রতিক এসব অপপ্রচারে তারা সামাজিক ও মানসিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলেও উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তারা বলেন, যেকোনো সংবাদ প্রকাশের আগে সঠিক তথ্য যাচাই করার জন্য এবং অপপ্রচার রোধে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
শেষে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :