প্রেসক্লাব যশোরে দ্বিতীয় দফায় ১০ জনের সদস্যপদ অনুমোদন, বাতিল ২ জনের
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৩৮
স্টাফ রিপোর্টার :
প্রেসক্লাব যশোরের নতুন সদস্যপদ প্রদানের দ্বিতীয় দফার সভায় আরও ১০ জন সাংবাদিককে সদস্যপদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রথম দফার সভায় সুপারিশপ্রাপ্ত ২৮ জনের মধ্য থেকে আপত্তি ওঠায় দুজনের সদস্যপদ দেওয়ার সুপারিশ বাতিল করা হয়েছে।
শনিবার বিকেলে প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংকটকালীন আহ্বায়ক কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভার তথ্য অনুযায়ী, সব মিলিয়ে সাংবাদিকদের আন্দোলনের ফসল হিসেবে নতুন করে মোট ৩৬ জন সাংবাদিক ক্লাবটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হলেন।
প্রেসক্লাব যশোরের নতুন সদস্য হিসেবে সুপারিশপ্রাপ্ত ১০ জন হলেন—রোকনুজ্জামান রিপন (এসএ টিভি), ইমরান হোসেন (ক্যামেরাপারসন, চ্যানেল ২৪), কামরুজ্জামান মণি (শেয়ার বিজ ও জাতীয় অর্থনীতি), জুবায়ের আহমেদ (দীপ্ত টিভি), রাহুল রায় (মাছরাঙা টিভি), শেখ শাহিনুর রহমান (সম্পাদনা সহকারী, দৈনিক সুবর্ণভূমি), শরীফ খান (ক্যামেরাপারসন, ইন্ডিপেনডেন্ট টিভি), গোলাম মোস্তফা মুন্না (স্টাফ রিপোর্টার, দৈনিক সুবর্ণভূমি), আনোয়ার হোসেন (দৈনিক পাঞ্জেরী) এবং আব্দুর রহমান (দৈনিক ঢাকা টাইমস)।
এদিকে, গত ২৬ আগস্ট অনুষ্ঠিত প্রথম দফার সভায় সদস্যপদের জন্য সুপারিশ পাওয়া দুজনের বিরুদ্ধে আপত্তি ওঠায় তাঁদের সুপারিশ বাতিল করেছে কমিটি। তাঁরা হলেন—দৈনিক প্রতিদিনের কথা পত্রিকার সম্পাদক সুন্দর সাহা এবং দৈনিক কল্যাণ পত্রিকার সহ-সম্পাদক রেজওয়ান হক বাপ্পী।
এর পাশাপাশি, সাবেক সদস্যের আবেদনের পরিপ্রেক্ষিতে সুলতান মাহমুদ রিপনের সদস্যপদ পুনর্বহাল করা হয়েছে। ফলে ক্লাবটির আসন্ন নির্বাচনে মোট ৩৭ জন সদস্য নতুন করে তাঁদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।
আহ্বায়ক একরাম-উদ-দ্দৌলার সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সদস্যসচিব মবিনুল ইসলাম মবিন। সভায় সর্বমোট দীর্ঘ আলোচনার পর এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় আহ্বায়ক কমিটির সদস্য ফকির শওকত, বিনয় কৃষ্ণ মল্লিক, আনোয়ারুল কবির নান্টু, আহসান কবির, ওহাবুজ্জামান ঝন্টু, আমিনুর রহমান মামুন, জাহিদ আহমেদ লিটন, নূর ইসলাম, এম আইউব, সরোয়ার হোসেন ও আকরামুজ্জামান উপস্থিত ছিলেন। তবে সদস্যপদ প্রদান সংক্রান্ত আলোচনার একপর্যায়ে মতামত প্রদান না করে সভা ত্যাগ করেন কমিটির দুই সদস্য ওহাবুজ্জামান ঝন্টু ও জাহিদ আহমেদ লিটন।
আপনার মতামত লিখুন :