যশোরে জলবায়ু সংকট ও তাপদাহ মোকাবেলায় বিশেষ নাগরিক সেমিনার অনুষ্ঠিত
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬, ১৪:১৫
স্টাফ রিপোর্টার
তীব্র জলবায়ু পরিবর্তন, ক্রমবর্ধমান তাপদাহ বৃদ্ধি এবং এর ফলে জনজীবনে সৃষ্ট সংকট মোকাবেলায় করণীয় নির্ধারণে যশোরে এক বিশেষ নাগরিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৭ মে) বিকাল ৪টায় যশোর প্রেসক্লাব মিলনায়তনে ‘তাপদাহে যশোর: পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয়। ‘নাগরিক ভাবনা’ মূল প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য ডাঃ মোহাম্মদ মোসলেহ্উদ্দিন ফরিদ।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মোহাম্মদ মোসলেহ্উদ্দিন ফরিদ জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক ও স্থানীয় ভয়াবহতা তুলে ধরে বলেন, "আজ এপ্রিল-মে মাসে পিচ গলে যাওয়ার মতো গরম পড়ছে। তাপমাত্রা ৪২ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে যাচ্ছে, যা কোনোভাবেই স্বাভাবিক নয়। গত ১০ বছর বা তারও বেশি সময় ধরে তাপমাত্রা ক্রমাগত বাড়ছে এবং ভৌগোলিক কারণে আমাদের দক্ষিণ-পশ্চিমাঞ্চল আরও বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। গবেষণা ও ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, বিগত ২০২৩, ২০২৪ এবং ২০২৫ সাল ছিল মানব ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর। এই সংকট শুধু আমাদের দেশের নয়, এটি একটি বৈশ্বিক বিপর্যয়। এই পরিস্থিতি মোকাবেলায় আমাদের এখনই সমন্বিত পদক্ষেপ নিতে হবে।"
সেমিনারে বক্তারা বলেন, ভৌগোলিক ও পরিবেশগত কারণে যশোর অঞ্চলে তাপদাহের প্রকোপ দিন দিন আশঙ্কাজনক হারে বাড়ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ব্যাপক হারে গাছ লাগানো, জলাশয় রক্ষা এবং পরিবেশবান্ধব নগর ও গ্রামীণ পরিকল্পনা গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে। জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক প্রভাব মোকাবেলায় স্থানীয় পর্যায় থেকে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।
পজেটিভ ওয়ার্ক ফর ইনভারমেন্ট রিস্টোর-এর নির্বাহী আবু সাঈদ মোঃ সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজের ডক্টর মাহবুবুর রহমান এবং সমাজসেবক ও গবেষক রাফে সালমান রিফাত।
সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্রাইট ক্লাইমেট অ্যাক্টিভিস্ট ফারিয়া সুলতানা অমি এবং যারা উন্নয়ন সংস্থার চেয়ারম্যান নুরুজ্জামান। আল-মহা অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোঃ মাহাদি হাসানের সঞ্চালনায় সেমিনারে স্থানীয় পরিবেশবাদী সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :