ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের পদত্যাগ
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬, ০৯:১০
স্বপ্নভূমি ডেস্ক :
অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট ও আন্তর্জাতিক চাপের মুখে ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবছেন। লেবার পার্টির ভেতরে অসন্তোষ বৃদ্ধির পাশাপাশি তাঁর পদত্যাগের ঘোষণা দেওয়ার জন্য চাপ ক্রমশ বাড়ছে। বাণিজ্যমন্ত্রী পিটার কাইল জানিয়েছেন, প্রধানমন্ত্রী বর্তমানে পরিবর্তিত 'রাজনৈতিক বাস্তবতা' বিবেচনা করছেন।
গত সপ্তাহে অনুষ্ঠিত একটি উপনির্বাচনে অ্যান্ডি বার্নহামের বড় জয় লেবার পার্টির রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য পিটার কাইল মন্তব্য করেছেন, এই বিজয় বার্নহামের জন্য দলের নেতৃত্বকে চ্যালেঞ্জ জানানোর পথ পরিষ্কার করে দিয়েছে।
নির্বাচনের এই ফলাফলের পর সরকারের সিনিয়র মন্ত্রীরা প্রধানমন্ত্রীর ওপর চাপ সৃষ্টি করছেন। তারা কিয়ের স্টারমারকে আহ্বান জানিয়েছেন, তিনি যেন কার্যত বার্নহামের জন্য পথ ছেড়ে দিয়ে নিজের পদত্যাগের একটি সুনির্দিষ্ট সময়সূচী বা রোডম্যাপ ঘোষণা করেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই অভ্যন্তরীণ সংকটের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য নতুন ধাক্কা হিসেবে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, স্যার কিয়ের স্টারমারকে ‘প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হবে’।
একই সঙ্গে স্টারমার প্রশাসনের তীব্র সমালোচনা করে ট্রাম্প বলেন, অভিবাসন ও জ্বালানি নীতিতে বর্তমান ব্রিটিশ সরকার 'ভয়াবহভাবে ব্যর্থ' হয়েছে। ট্রাম্প তাঁর পোস্টে আবারও 'নর্থ সি-তে তেল উত্তোলন উন্মুক্ত করার' জন্য ব্রিটেনের প্রতি আহবান জানান।
এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিট এক বিবৃতিতে জানিয়েছে, গত সপ্তাহে জি-৭ সম্মেলনে দুই নেতার শেষ দেখা হয়েছিল। এরপর সপ্তাহান্তে তাদের মধ্যে নতুন করে কোনো কথা বা যোগাযোগ হয়নি।
শত চাপের মুখেও শুরুতে নিজের অনড় অবস্থানের কথা জানিয়েছিলেন স্যার কিয়ের স্টারমার। বার্নহামের বিজয়ের পর তিনি জোর দিয়ে বলেছিলেন, যেকোনো আনুষ্ঠানিক নেতৃত্বের চ্যালেঞ্জের বিরুদ্ধে তিনি লড়াই করবেন। লেবার পার্টির নিয়ম অনুযায়ী, যদি নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়, তবে দলের সাধারণ সদস্য এবং সংশ্লিষ্ট ট্রেড ইউনিয়নের সমর্থকদের ভোটের মাধ্যমে চূড়ান্ত নেতা নির্বাচন করতে হবে।
তবে পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে বলে আভাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী পিটার কাইল। বিবিসির বিখ্যাত রাজনৈতিক অনুষ্ঠান 'সানডে উইথ লরা কুয়েন্সবার্গ'-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বর্তমানে রাজনৈতিক বাস্তবতা কী—তা নিয়ে চিন্তাভাবনা করছেন। গত সপ্তাহ বা তার আগের সপ্তাহের তুলনায় পরিস্থিতি এখন কতটা বদলে গেছে, সেটিও তিনি গুরুত্বের সাথে বিবেচনা করছেন।"
সূত্র: বিবিসি নিউজ
আপনার মতামত লিখুন :