• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক, যশোর:
"মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে যশোর কালেক্টরেট সভাকক্ষে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় জানানো হয়, বর্তমানে সারাদেশে সাক্ষরতার হার ৭৭ দশমিক ৯ শতাংশ, যার বিপরীতে যশোর জেলায় এই হার ৭৭ দশমিক ৭ শতাংশ। জেলায় সাক্ষরতার হার শতভাগে উন্নীত করতে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জি. এম. আলমগীর কবির, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ রাজিব ইকফাত মাহমুদ এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সাবিনা শাহিন শোভা।

প্রফেসর জিল্লুল বারীর সঞ্চালনায় আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত কুইজ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী ৬ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।