• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

জনগণ যাকে নির্বাচিত করবে, তার সঙ্গেই কাজ করবে ওয়াশিংটন: মার্কিন রাষ্ট্রদূত


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫১
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক :
দীর্ঘ প্রতীক্ষিত ও কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। গণঅভ্যুত্থানে সাবেক স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর দেশের পরবর্তী শাসনভার কার হাতে যাচ্ছে, তা নির্ধারিত হবে আগামীকালের এই ব্যালট যুদ্ধের মাধ্যমে। এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সাবেক দুই মিত্র দল— বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধ্যে।

নির্বাচনের প্রাক্কালে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন তার দেশের অবস্থান পরিষ্কার করেছেন। বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “বাংলাদেশি জনগণের ভোটে যে সরকারই নির্বাচিত হোক না কেন, ওয়াশিংটন তাদের সঙ্গেই কাজ করতে প্রস্তুত।” রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, জনমত জরিপগুলোতে এখন পর্যন্ত বিএনপি কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে।

সাক্ষাৎকারে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের ওপর চীনের প্রভাব নিয়ে ওয়াশিংটনের উদ্বেগের কথা জানান। তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় বেইজিংয়ের ক্রমবর্ধমান প্রভাব যুক্তরাষ্ট্র গুরুত্বের সাথে দেখছে। চীনের সাথে নির্দিষ্ট কিছু চুক্তির ঝুঁকি সম্পর্কে বাংলাদেশ সরকারকে সচেতন করতে যুক্তরাষ্ট্র কাজ করছে।

রাষ্ট্রদূত আরও ইঙ্গিত দেন যে, বাংলাদেশ যেন সামরিক সরঞ্জামের ক্ষেত্রে চীনের ওপর একক নির্ভরশীলতা কমাতে পারে, সেজন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো উন্নত প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহের প্রস্তাব দিচ্ছে।

মার্কিন রাষ্ট্রদূতের এমন বক্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে বেইজিং জানায়, “চীন ও বাংলাদেশ কৌশলগত অংশীদার হিসেবে রাজনীতি, অর্থনীতি ও নিরাপত্তা খাতে নিবিড়ভাবে কাজ করছে, যা উভয় দেশের জন্য লাভবান। এই দ্বিপাক্ষিক সম্পর্ক তৃতীয় কোনো দেশকে উদ্দেশ্য করে নয়।”

একইসাথে চীন স্পষ্ট করে দিয়েছে যে, ঢাকা ও বেইজিংয়ের মধ্যকার সুসম্পর্কে তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ তারা মেনে নেবে না।
আগামীকালের নির্বাচন নিয়ে দেশজুড়ে টানটান উত্তেজনা বিরাজ করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যকার এই লড়াই বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ নির্ধারণ করে দেবে। রয়টার্স তাদের বিশ্লেষণে জানিয়েছে, নির্বাচনী প্রচারণায় বিএনপি এগিয়ে থাকলেও দুই দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।