নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বালেন্দ্র শাহের শপথ গ্রহণ
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬, ১০:২১
আন্তর্জাতিক ডেস্ক, স্বপ্নভূমি :
এশিয়ার রাজনীতিতে এক নতুন ইতিহাস সৃষ্টি করে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ গ্রহণ করেছেন ৩৫ বছর বয়সী বালেন্দ্র শাহ। গত বছর তরুণ প্রজন্মের তথা 'জেন-জি'দের নেতৃত্বে রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পর দেশটিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে অভাবনীয় জয় পায় বালেন্দ্রর দল ‘রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি’ (আরএসপি)। আজ শুক্রবার এক জমকালো অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে নেপালের শাসনভার গ্রহণ করেন।
রাজনীতিতে আসার আগে বালেন্দ্র শাহ নেপালের আন্ডারগ্রাউন্ড হিপ-হপ জগতের অত্যন্ত পরিচিত মুখ ছিলেন। পেশায় তিনি একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। আজ শপথ গ্রহণের ঠিক আগে তিনি একটি গান প্রকাশ করেছেন, যেখানে তিনি নেপালের আগামীর স্বপ্ন এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার ব্যক্ত করেছেন। একজন শিল্পী থেকে একটি রাষ্ট্রের সর্বোচ্চ পদে আরোহণের এই ঘটনা বিশ্ব রাজনীতিতে বিরল।
গত বছরের সেপ্টেম্বরে তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বন্ধ করে দিলে ক্ষোভে ফেটে পড়ে নেপালের তরুণ সমাজ। এক সপ্তাহের প্রবল গণআন্দোলনে পতন ঘটে ওলি সরকারের। গত মার্চের শুরুতে অনুষ্ঠিত নির্বাচনে নেপালের মানুষ পুরনো রাজনীতিবিদদের প্রত্যাখ্যান করে বালেন্দ্রর আরএসপি-কে বিপুল ভোটে বিজয়ী করে। দুর্নীতি, স্বজনপ্রীতি এবং অভিজাততন্ত্রের বিরুদ্ধে নেপালি তরুণদের যে অবস্থান ছিল, এই নির্বাচনের ফলাফল তারই প্রতিফলন।
১৯৯০ সালে কাঠমান্ডুতে জন্মগ্রহণ করা বালেন্দ্র শাহ সাধারণ মানুষের কাছে 'বালেন' নামেই বেশি জনপ্রিয়। নেপালে সিভিল ইঞ্জিনিয়ারিং শেষ করে তিনি ভারতের বিশ্বেশ্বরায়া টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০২২ সালে সম্পূর্ণ স্বতন্ত্র প্রার্থী হিসেবে সব বাঘা বাঘা রাজনৈতিক দলকে হারিয়ে তিনি কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হয়ে চমক সৃষ্টি করেছিলেন। মেয়র হিসেবে তিন বছরে তার সাহসী ও আধুনিক কর্মকাণ্ড তাকে সারা দেশের আইকনে পরিণত করে।
বিশ্লেষকরা মনে করছেন, বালেন্দ্র শাহের এই উত্থান দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত। প্রথাগত রাজনীতির বাইরে এসে একজন তরুণ ও কারিগরি শিক্ষায় শিক্ষিত নেতা কীভাবে একটি সংকটাপন্ন অর্থনীতি ও রাজনৈতিক অস্থিরতা সামাল দেন, এখন সেদিকেই তাকিয়ে আছে সারা বিশ্ব।
সূত্র: বিবিসি ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।
আপনার মতামত লিখুন :