• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

সিরিজ বাঁচানোর ম্যাচে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬, ০৫:২১
ছবির ক্যাপশন: ad728

স্পোর্টস ডেস্ক:
সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে দাপুটে পারফর্ম করেছিল স্বাগতিক বাংলাদেশ। তাদের মাত্র ১১৪ রানে গুটিয়ে দিয়ে ৮ উইকেটের বড় জয়ে টাইগাররা সিরিজে লিড নিয়েছিল। তবে দ্বিতীয় ম্যাচে ঘটেছে উল্টো চিত্র। ঠিক ১১৪ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। ফলে বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে ১২৮ রানে জিতে পাকিস্তান সিরিজে ১-১ সমতায় ফিরেছে।

এখন তৃতীয় ও শেষ ওয়ানডে হবে দুই দলের সিরিজ নির্ধারণী লড়াই। সিরিজ জয়ের লক্ষ্যে আজ (রোববার) মেহেদী হাসান মিরাজ ও শাহিন আফ্রিদির দল মুখোমুখি হবে। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। এই সিরিজে বাংলাদেশের হোম অব ক্রিকেটের উইকেট নতুন রূপে। ফলে দ্বিপক্ষীয় লড়াই শুরুর আগে বড় রানের প্রত্যাশার কথা শোনা গিয়েছিল। কিন্তু দুই দল দুই ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের নজির দেখিয়েছে।

সিরিজ নির্ধারণী ম্যাচ পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি তো বটেই, র‌্যাঙ্কিংয়ে উন্নতির জন্যও এটি বাংলাদেশের ভালো সুযোগ। আগামী বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার জন্য র‌্যাঙ্কিংয়ে উন্নতির বিকল্প নেই। এখন পর্যন্ত বাংলাদেশ ও পাকিস্তান ৬টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলেছে। এর মধ্যে কেবল একবার জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। দুই দলের সর্বশেষ সিরিজে ২০১৫ সালে ঘরের মাঠে তারা পাকিস্তানকে ধবলধোলাই (৩-০) করেছিল।

শেষ ওয়ানডেতে আজ স্বাগতিকদের একাদশে কোনো পরিবর্তন থাকছে না। ওপেনার সৌম্য সরকারকে নিয়ে গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত থাকতে হচ্ছে একাদশের বাইরে। এ ছাড়া তাসকিন আহমেদের পরিবর্তে শরিফুল ইসলামকে নেওয়া হবে বলেও আলোচনা শোনা যায়। তবে টাইগাররা আগের ম্যাচের একাদশ নিয়েই নামবে বলে জানা গেছে। যেখানে নতুন বলে আক্রমণে আসতে দেখা যাবে নাহিদ রানাকে। তাসকিন গত দুই ম্যাচে নতুন বল হাতে সাফল্য আনতে পারেননি।

অন্যদিকে, পাকিস্তানের একাদশে একটি পরিবর্তন নিশ্চিত। আগের ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন অলরাউন্ডার হুসাইন তালাত। তার জায়গায় উইকেটরক্ষক-ব্যাটার মুহাম্মাদ গাজি ঘোরি কিংবা লেগ স্পিনিং অলরাউন্ডার সাদ মাসুদের অভিষেক করাতে পারে পাকিস্তান।

যেমন হতে পারে দুই দলের একাদশ

বাংলাদেশ : সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

পাকিস্তান : শাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হুসেন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলি আগা, আব্দুস সালাম, গাজি ঘোরি, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম ও হারিস রউফ।