যশোরে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে মহিলা পরিষদের সমাবেশ
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬, ১৪:৩৪
স্টাফ রিপোর্টার :
‘নারী ও কন্যা নির্যাতন এবং সামাজিক অনাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তুলুন’ এই আহ্বানে বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে যশোর শহরের ভৈরব চত্বরে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবা শেফা। সারাদেশে একযোগে বাংলাদেশ মহিলা পরিষদের জেলা শাখাগুলো এ কর্মসূচি পালন করে।
সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন, আইনজীবী অ্যাডভোকেট আবুল হোসেন, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যশোর জেলা সংসদের সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, আইইডি যশোর কেন্দ্রের ব্যবস্থাপক বীথিকা সরকার, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক তসলিমুর রহমান এবং নারী মুক্তি পরিষদের আহ্বায়ক সখিনা বেগম দৃপ্তিসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কমিটির লিগ্যাল এইড সম্পাদক অ্যাডভোকেট কামরুন নাহার কনা।
সমাবেশে বক্তারা বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে নারী ও কন্যাশিশুর প্রতি নৃশংস সহিংসতা ও বর্বরতা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। নারী ও শিশুরা শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, ঘর কিংবা বাইরে সর্বত্র সহিংসতার শিকার হচ্ছে।
বক্তারা আরও বলেন, কিশোর গ্যাংয়ের নামে তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া সমাজে আতঙ্ক ও অনিরাপদ পরিবেশ সৃষ্টি করছে। একই সঙ্গে মাদ্রাসাগুলোতে শিশু নির্যাতনের ঘটনাতেও গভীর উদ্বেগ প্রকাশ করেন তারা।
সমাবেশ থেকে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।
আপনার মতামত লিখুন :