যশোরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আগামীকাল দিনব্যাপী নানা কর্মসূচি ঘোষণা
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬, ১৮:০৭
স্টাফ রিপোর্টার:
রাষ্ট্রীয়ভাবে ঘোষিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে যশোর জেলা প্রশাসন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে পালনের লক্ষ্যে স্মরণসভা, র্যালি, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে,
কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১০টায় যশোর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শহীদদের স্মরণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হবে। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জুলাই স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হবে। সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হবে।
এছাড়া, নতুন প্রজন্মের কাছে এই ঐতিহাসিক গণআন্দোলনের বীরত্বগাথা পৌঁছে দিতে যশোর শহর ও শহরতলীর ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ, গণআন্দোলনের সঠিক ইতিহাস এবং দেশের নতুন পথচলায় এর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হবে।
দিবসটির অন্যতম বিশেষ কর্মসূচি হিসেবে জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদ পরিবারের পিতা-মাতাকে সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।
যশোর জেলা প্রশাসনের পক্ষ থেকে গৃহীত এসব কর্মসূচিতে জুলাই আন্দোলনের পক্ষের সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের জনগণকে যথাসময়ে উপস্থিত থেকে দিবসটি সফল করার আহ্বান জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :