• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে চালডাল ডটকমের বেতন সংকটে তোলপাড়


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬, ১৪:১৮
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
দেশের অন্যতম বৃহৎ অনলাইন গ্রোসারি শপ ‘চালডাল ডটকম’-এর যশোর অপারেশন সেন্টারে চরম উত্তেজনা বিরাজ করছে। গত চার মাস ধরে বেতন বকেয়া থাকার অভিযোগে প্রতিষ্ঠানটির প্রায় ৬০০ কর্মী কর্মবিরতি ও আন্দোলনে নেমেছেন। সোমবার আন্দোলনরত কর্মীদের সাথে মালিকপক্ষের দফায় দফায় হাতাহাতির ঘটনা ঘটেছে। এক পর্যায়ে কর্মচারীরা মেইনগেট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের ১২ ও ১৪ তলায় অবস্থিত চালডালের বিশাল কল সেন্টার ও অপারেশনাল হাবে কর্মরত কর্মীরা অভিযোগ করেছেন, গত চার মাস ধরে তারা কোনো বেতন পাচ্ছেন না। সিংহভাগ কর্মীর পকেট এখন শূন্য। বকেয়া পাওনার দাবিতে তারা কাজ বন্ধ করে অবস্থান নিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী কর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা কাজ করেও পারিশ্রমিক পাচ্ছি না। বাসা ভাড়া দিতে পারছি না, মুদি দোকানের দেনা জমে গেছে। অনাহারে-অর্ধাহারে দিন কাটছে আমাদের। অথচ বেতন চাইলে উল্টো চাকরিচ্যুত করার হুমকি দেওয়া হচ্ছে।

কর্মীদের আন্দোলন অব্যাহত রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পাওনা আদায়ের দাবিতে কর্মীরা সোচ্চার হলে মালিকপক্ষের লোকজনের সাথে তাদের কথা কাটাকাটি হয়। যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। আইটি পার্কের গেড ভেঙ্গে কর্মচারীরা ভিতরে প্রবেশ করে। গেটেরিনিচে চাপা পড়ে তালবাড়িয়া এলাকার শাকিল হোসেন নামে একজন আহত হন। সে যশোর জেনারেল হাসপাতারে চিকিৎসাধীন। উত্তেজনা ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। পুলিশ বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

আন্দোলনরত কর্মীদের অভিযোগ, মালিকপক্ষ তড়িঘড়ি করে সবকিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। তাদের আশঙ্কা, পাওনা পরিশোধ না করেই কর্তৃপক্ষ অফিস গুটিয়ে পালিয়ে যেতে পারে।

এ বিষয়ে চালডাল ডটকমের যশোরের ইনচার্জ শাহাদত হোসেন মিঠুনের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

ইভ্যালির মতো প্রতিষ্ঠানের নেতিবাচক কর্মকাণ্ডের পর চালডাল ডটকমের মতো প্রতিষ্ঠিত ব্র্যান্ডের এমন আচরণে সাধারণ মানুষের মনে গভীর প্রশ্ন দেখা দিয়েছে। গ্রাহকসেবার আড়ালে নিজেদের কর্মীদের প্রতি এই ‘অমানবিক’ ও ‘নৈরাজ্যকর’ আচরণের তীব্র সমালোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমেও।

ভুক্তভোগী ৬০০ কর্মী তাদের হাড়ভাঙ্গা খাটুনির পাওনা আদায়ের জন্য আইসিটি মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা স্পষ্ট জানিয়েছেন, বকেয়া পরিশোধ না হওয়া পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি থেকে সরবেন না।