জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হলে জাতি হতাশ হবে
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬, ১৪:৪৫
স্বপ্নভূমি ডেস্ক :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন, বর্তমান সংসদ জুলাই গণঅভ্যুত্থানের ফসল। যদি এই সংসদে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করা সম্ভব না হয়, তবে তা জাতির জন্য অত্যন্ত হতাশাজনক হবে।
আজ শুক্রবার সকালে আন্তর্জাতিক সংস্থা 'ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টরাল সিস্টেমস' (আইএফইএস) বাংলাদেশের একটি প্রতিনিধি দলের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সাইফুল আলম খান মিলন জানান, আইএফইএস-এর সাথে আলোচনায় জাতীয় সংসদকে কার্যকর ও শক্তিশালী করার উপায় নিয়ে বিস্তারিত কথা হয়েছে। তিনি বলেন, “আমরা তাদের বলেছি, ত্রয়োদশ জাতীয় সংসদ পূর্বের যেকোনো সংসদের তুলনায় আলাদা। জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা হলো—সংসদ হবে জাতীয় জীবনের সকল সমস্যা সমাধানের মূল কেন্দ্র। এখানে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলকেও সমান গুরুত্ব দিতে হবে।”
সংসদের কার্যপ্রণালী বিধি বা ‘রুলস অফ প্রসিডিউর’ সংস্কারের ওপর জোর দিয়ে তিনি বলেন, বর্তমানে সরকারি দল বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আছে। ফলে যেকোনো আলোচনায় তাদের ওপরই সব নির্ভর করে। এই ভারসাম্যহীনতা দূর করতে রুলস অফ প্রসিডিউরে প্রয়োজনীয় পরিবর্তনের বিষয়ে জামায়াতের পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হয়েছে।
বক্তব্যের এক পর্যায়ে তিনি সরকারি দলের বর্তমান কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, “আমরা দেখছি প্রথম দিন থেকেই সরকারি দল ভিন্ন দিকে হাঁটা শুরু করেছে। তারা জুলাই সনদের জন্য সংস্কার পরিষদে শপথ নেননি। এমনকি তারা এমন কিছু প্রস্তাব নিয়ে আসতে চাচ্ছেন যা জুলাই আন্দোলনের চেতনার পরিপন্থী।”
মতবিনিময় সভায় প্রতিনিধি দলটি সংসদকে আরও কার্যকর করার বিষয়ে তাদের নিজস্ব পর্যবেক্ষণ ও পরামর্শ তুলে ধরে। তারা প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি প্রতিবেদন তৈরি করবেন বলে জামায়াত নেতাদের আশ্বস্ত করেন। সভায় সংসদের ভেতরে জবাবদিহিতা নিশ্চিত করা এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার গুরুত্ব নিয়ে উভয় পক্ষ একমত পোষণ করে।
আপনার মতামত লিখুন :