• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোর জেনারেল হাসপাতালে আইসিইউ ও ডায়ালাইসিস সেন্টার চালুর দাবিতে স্মারকলিপি প্রদান


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬, ১১:২৭
ছবির ক্যাপশন: ad728

নিজেস্ব প্রতিনিধি:

​যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পূর্ণাঙ্গ আইসিইউ ইউনিট এবং কিডনি ডায়ালাইসিস সেন্টার দ্রুত চালুর দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ, যশোর জেলা কমিটি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে যশোর জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়।

​স্মারকলিপিতে উল্লেখ করা হয়, যশোর জেনারেল হাসপাতাল এই অঞ্চলের চিকিৎসা সেবার প্রধান ভরসাস্থল। যশোর ছাড়াও পার্শ্ববর্তী ঝিনাইদহ, নড়াইল ও মাগুরা জেলা থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে সেবা নিতে আসেন। তবে অত্যন্ত পরিতাপের বিষয় যে, দীর্ঘ সময় অতিবাহিত হলেও হাসপাতালটিতে আধুনিক চিকিৎসার নূন্যতম সুবিধা নিশ্চিত করা হয়নি। বর্তমানে এই অঞ্চলের প্রায় ৭০ লক্ষ মানুষের চিকিৎসা সেবা এক প্রকার ভঙ্গুর অবস্থায় রয়েছে।

​অকেজো পড়ে আছে মূল্যবান যন্ত্রপাতি। বিপ্লবী কমিউনিস্ট লীগের নেতৃবৃন্দ জানান,'করোনাকালীন সময়ে ১০ শয্যার একটি আইসিইউ ইউনিট চালু করা হলেও সেটি পূর্ণাঙ্গ নয়। প্রয়োজনীয় জনবল নিয়োগ না দেওয়ায় পূর্ণাঙ্গ আইসিইউ-র মূল্যবান যন্ত্রাংশ দীর্ঘ দিন ধরে পড়ে থেকে নষ্ট হচ্ছে।

নেতাতারা আরও বলেন,'হাসপাতালে একটি কিডনি ডায়ালাইসিস কেন্দ্র অনুমোদন পেলেও তা চালুর বিষয়ে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এর ফলে মুমূর্ষু রোগীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা বা খুলনায় স্থানান্তর করতে গিয়ে পথেই অনেকের মৃত্যু ঘটছে, যা এই অঞ্চলের মানুষের জন্য চরম অমানবিক।'
এদিন বেলা ১২টায় যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার-এর হাতে স্মারকলিপিটি তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, যশোর জেলা সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ​তসলিম-উর-রহমান, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় নেতা ​জিল্লুর রহমান ভিটু, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য ​মিজানুর রহমান, জেলা কমিটির নেতা ​পলাশ বিশ্বাস।

এছাড়াও শহর শাখার নেতা হাবিবুর রহমান মোহন, শাহাবুদ্দিন বাটুল, আহাদ আলী মুন্না এবং সেতুসহ দলের অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিপ্লবী কমিউনিস্ট লীগের পক্ষ থেকে প্রধান দুটি দাবি জোরালোভাবে উত্থাপন করা হয়, ১) অবিলম্বে প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে পূর্ণাঙ্গ আইসিইউ ইউনিট সচল করা।
২) অনুমোদিত কিডনি ডায়ালাইসিস কেন্দ্র দ্রুত স্থাপন ও কার্যক্রম শুরু করা।

​নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।