৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৩১ অগাস্ট ২০২৬, ১৭:০৯
স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে যশোর জেলা বিএনপি।
যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন যৌথ এক বার্তায় দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে এই কর্মসূচি ঘোষণা করেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হবে। সকাল ১০টা ৩০ মিনিটে কারবালা কবরস্থানে বিএনপির প্রবীণ নেতা মরহুম তরিকুল ইসলামসহ প্রয়াত দলীয় নেতাদের কবর জিয়ারত ও মোনাজাত করা হবে। এরপর বিকেল ৪টায় যশোর টাউন হল ময়দান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মনিহার চত্বরে গিয়ে শেষ হবে।
কর্মসূচির দ্বিতীয় পর্বে ২ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়ন এবং পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হবে।
পাঁচ দিনব্যাপী এই উদযাপনের সমাপনী দিনে আগামী ৫ সেপ্টেম্বর (শনিবার) যশোর টাউন হল ময়দানে জেলা বিএনপির উদ্যোগে এক বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচি সফল করতে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :