• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

পরিবারের ওপর পুলিশি হয়রানি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১০
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার:
যশোরের বাঘারপাড়া উপজেলায় অপহরণ মামলাকে কেন্দ্র করে পুলিশি হয়রানি ও নির্যাতনের অভিযোগ তুলে তা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন আন্না খাতুন নামে এক গৃহবধূ। মঙ্গলবার সকালে প্রেসক্লাব যশোর হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আন্না খাতুন বলেন, গত ৮ জানুয়ারি একই গ্রামের আলতাপ হোসেনের ছেলে মো. তসলিম আলম লিতুন তার স্কুলপড়ুয়া মেয়ে শাহরিয়া মুন পাখিকে অপহরণের অভিযোগ এনে বাঘারপাড়া থানায় তার ছেলে আহম্মেদ অন্তর, স্বামী রবিউল ইসলামসহ তাকে আসামি করে মামলা দায়ের করেন।

তিনি দাবি করেন, প্রকৃতপক্ষে দুই পরিবারের মধ্যে আত্মীয়তাসুলভ সম্পর্ক থাকায় যাতায়াতের সূত্রে তার ছেলে অন্তরের সঙ্গে মুন পাখির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে উভয় পরিবারই তা মেনে নেয়নি। একাধিকবার মুন পাখি তাদের বাড়িতে এসে অন্তরকে বিয়ে করতে চাপ দেয়। পরে পরিবার ও স্থানীয়দের উপস্থিতিতে তাকে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়।

আন্না খাতুন আরও বলেন, গত ৩ ডিসেম্বর মুন পাখি আবার বাড়ি ছেড়ে তাদের বাড়িতে আসে। তাকে ফেরত যেতে বলা হলেও সে রাজি হয়নি এবং পরে তার ছেলেকে নিয়ে পালিয়ে যায়। এরপর থেকে ছেলে বা ওই মেয়ের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই বলে তিনি দাবি করেন।

তিনি অভিযোগ করেন, মুন পাখির বাবার মামলায় তার স্বামী কারাভোগ করেছেন এবং মেয়েটিকে উদ্ধারে ব্যর্থ হয়ে পুলিশ নিয়মিত তাদের বাড়িতে অভিযান চালিয়ে হয়রানি করছে।

 গত ১৪ ফেব্রুয়ারি রাতে পুলিশ তাদের বাড়িতে গিয়ে ছোট ছেলে বায়জিদকে মারধর করেছে বলেও তিনি অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে আন্না খাতুন বলেন, আমরা পুলিশি নির্যাতনে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এই হয়রানি বন্ধে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদ সম্মেলনে আন্না খাতুনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বায়জিদ বোস্তামি। এ সময় তার স্বামী রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।