নিজস্ব প্রতিবেদক:
যশোরের ঐতিহাসিক কারবালা জামে মসজিদের অবকাঠামোগত উন্নয়নের জন্য ১ কোটি ৭৮ লাখ ৬৪৬ টাকার প্রাক্কলন অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। 'সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (GSID-2)' প্রকল্পের আওতায় এ অর্থ বরাদ্দ প্রদান করা হয়।
এলজিইডি সূত্রে জানা গেছে, যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নে অবস্থিত এই মসজিদের উন্নয়নে 'ইমপ্রুভমেন্ট অফ কারবালা জামে মসজিদ আরবপুর ইউনিয়ন' প্রকল্পের আওতায় দরপত্র আহ্বানের প্রাথমিক অনুমোদন দিয়ে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এ বরাদ্দ প্রাপ্তির পর সন্তোষ প্রকাশ করে সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছেন যশোর-৩ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি লেখেন, "আলহামদুলিল্লাহ, যশোরের ঐতিহ্যবাহী কারবালা মসজিদের উন্নয়নে এলজিইডি কর্তৃক প্রায় ১ কোটি ৭৮ লক্ষ টাকা বরাদ্দের চিঠি আজ হাতে পেলাম। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার এ বিশেষ অনুগ্রহ যশোর পৌরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সহায়ক হবে; এর জন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা।"
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান জানান, "মসজিদটি দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত ছিল। মুসুল্লিরা কষ্ট করে বেইজমেন্টে নামাজ আদায় করতেন। গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দায়িত্ব নিয়ে দ্বিতীয় তলার নির্মাণকাজ শুরু করি। সরকারের এ বরাদ্দ আমাদের কাজকে আরও গতিশীল করবে। এ জন্য আমরা প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের প্রতি কৃতজ্ঞ।"
কারবালা জামে মসজিদ কমিটির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন বলেন, "সরকারি এই বড় বরাদ্দের মাধ্যমে মসজিদের ভৌত অবকাঠামোর আমূল পরিবর্তন আসবে এবং স্থানীয়দের দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হবে। দ্রুতই প্রকল্পটির কাজ শুরু হবে বলে আশা করছি।" একই সাথে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, স্থানীয় সরকার মন্ত্রী ও বিদ্যুৎ প্রতিমন্ত্রীর প্রতি ধন্যবাদ জানান।
আপনার মতামত লিখুন :