আগামী পাঁচ বছরে ক্রীড়াঙ্গনের আমূল পরিবর্তন হবে- বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬, ১৪:৩৮
নিজস্ব প্রতিনিধি:
সারাদেশের সঙ্গে একযোগে যশোরে উদ্বোধন করা হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা’। শনিবার (২ মে) বিকাল ৪টায় যশোর শামসুল হুদা স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ প্রতিযোগিতার সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি সিলেট স্টেডিয়াম থেকে এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “ক্রীড়াঙ্গনের ভিত্তি তৈরি হয় স্কুল পর্যায় থেকেই। সেই লক্ষ্যকে সামনে রেখে সরকার ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্যোগ গ্রহণ করেছে। অতীতে নতুন কুঁড়ি সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এবার প্রথমবারের মতো ক্রীড়া ক্ষেত্রেও এর বিস্তৃতি ঘটানো হয়েছে। এর ফলশ্রুতিতে আগামী পাঁচ বছরের মধ্যে দেশের ক্রীড়াঙ্গনের চিত্র আমূল পরিবর্তন হবে।”
তিনি আরও বলেন, “এই প্রতিযোগিতার মাধ্যমে সারাদেশের শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভা অন্বেষণ করা হবে। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপির নির্বাচনী ইশতেহারের আলোকে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের দক্ষ ক্রীড়াবিদ তৈরিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু-কিশোর এবং তাদের অভিভাবকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এদিকে সাবেক খেলোয়াড় ও অংশগ্রহণকারী শিক্ষার্থীরা মনে করছেন, এ ধরনের আয়োজন তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভা তুলে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকরা জানান, ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা, বাছাই করা এবং রাষ্ট্রীয়ভাবে তাদের বিকাশের সুযোগ তৈরি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। এ প্রতিযোগিতায় ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টসহ মোট ৮টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হবে।
আপনার মতামত লিখুন :