• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

পুলিশে ২৭০১ কনস্টেবল নিয়োগের নির্দেশ, বাতিল হচ্ছে রাজনৈতিক লাইসেন্সের অস্ত্র


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৮
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক :

পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী করতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বড় ধরনের সংস্কার ও নিয়োগের ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সচিবালয়ে বিভিন্ন দপ্তরের প্রধানদের সাথে মতবিনিময় সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, পুলিশে দ্রুততম সময়ের মধ্যে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীকে গড়ে তোলাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। নিয়োগ প্রক্রিয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় শুদ্ধি অভিযান চালানোর ইঙ্গিতও দিয়েছেন তিনি।

বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ইস্যু করা আগ্নেয়াস্ত্রের লাইসেন্সগুলো নিয়ে কঠোর অবস্থানে যাচ্ছে মন্ত্রণালয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "বিগত সরকারের সময় যেসব লাইসেন্স দেওয়া হয়েছে, সেগুলো আমরা পুনরায় ভেরিফাই (যাচাই) করব। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এগুলো দেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।"

তিনি আরও স্পষ্ট করেন যে, যারা রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পেয়েছেন এবং যারা এটি পাওয়ার উপযুক্ত নন, তাদের লাইসেন্স ও অস্ত্র উভয়ই দ্রুত বাতিল করা হবে।

দেশের বর্তমান অস্ত্র পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সালাহউদ্দিন আহমদ বলেন, প্রায় ১০ হাজারেরও বেশি অস্ত্র এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এই অস্ত্রগুলোকে বর্তমানে 'অবৈধ' হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "এসব অস্ত্র নিয়ে মামলা হতে পারে। তবে আমরা যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এগুলো উদ্ধার করব।"

সচিবালয়ের এই সভায় আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। দ্রুত নিয়োগ বাস্তবায়ন এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযানের রূপরেখা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।