অভয়নগরে মোটরসাইকেল চোর সন্দেহে যুবককে গণপিটুনি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬, ৬:৪০
অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে মোটরসাইকেল চোর সন্দেহে তৌহিদ সরদার (৩২) নামে এক যুবককে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। গুরুতর ও আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পুলিশ। আজ বুধবার (১৫ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার সুন্দলী ইউনিয়নের সুন্দলী কাঁচাবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
আহত তৌহিদ সরদার যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের বসুন্দিয়া গ্রামের তৈয়ব আলী সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল আনুমানিক ১১টার দিকে সুন্দলী কাঁচাবাজারের সামনে রাখা একটি মোটরসাইকেলের লক ভেঙে চুরি করার চেষ্টা করছিলেন তৌহিদ সরদার। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা তাঁকে হাতেনাতে ধরে ফেলেন। এ সময় উত্তেজিত জনতা তাঁকে গণপিটুনি দিলে তিনি গুরুতর জখম হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহফুজুর রহমান সবুজ জানান, গণপিটুনির শিকার ওই যুবকের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে এবং তাঁর শারীরিক অবস্থা ভালো নয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, “মোটরসাইকেল চোর সন্দেহে গণপিটুনির শিকার এক যুবককে সুন্দলী কাঁচাবাজারের সামনে থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পুলিশ তাঁকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। চুরির ঘটনা এবং পরবর্তী আইন নিজের হাতে তুলে নেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”
আপনার মতামত লিখুন :