ঝিকরগাছায় ইনকিলাব এ মাহদী মিশনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৯ অগাস্ট ২০২৬, ১১:৪৭
স্টাফ রিপোর্টার :
বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম)-এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের ঝিকরগাছার বেজিয়াতলা ইউনিটে যথাযোগ্য মর্যাদায় "ঈদে মিলাদুন্নবী (সা.)" উদযাপন করেছে ইনকিলাব এ মাহদী মিশন। ২৮ আগস্ট শুক্রবার আয়োজিত এই অনুষ্ঠানে সহস্রাধিক ধর্মপ্রাণ মানুষের মহাসমাগম ঘটে।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন এহতেশাম উল আলম প্রতীক। এতে ইনকিলাব এ মাহদী মিশনের পরিচালক ও দানবীর হাজী মুহম্মদ মহসিন ইমাম বাড়ি কার্যকরী সমন্বয় পরিষদের সম্পাদক মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে মো. সিরাজুল ইসলাম বলেন, "মানবজীবনে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে পশ্চিমা ও তাদের দোসরদের ধোঁকাবাজির ব্যবস্থার বাইরে আসতে হবে। একমাত্র হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমেই পারিবারিক থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে সত্য ও ইনসাফপূর্ণ গণতন্ত্রের সুফল ভোগ করা সম্ভব।"
তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, "আল্লাহর রাসুল (সা.) এবং আল কোরআন মানবজীবনের সব সমস্যার সমাধান রেখে গেছেন। কিন্তু দুঃখজনকভাবে যুগে যুগে জালেম শাসক এবং কিছু অর্থলোভী ধর্মীয় পণ্ডিত এক হয়ে জগতবাসীকে ধোঁকা দিচ্ছে। আজ তথাকথিত গণতন্ত্রের নামে বিশ্বজুড়ে মোড়লদের নেতৃত্বে অধিকাংশ মুসলিম দেশ ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ধর্মের ব্যানার, ভাষা ও ভুয়া অধিকারের দোহাই দিয়ে যুদ্ধ চাপিয়ে আজ প্রায় ৮০০ কোটি মানুষকে গোলামির শিকলে আবদ্ধ করা হয়েছে। এই বন্দিদশা থেকে মুক্ত হতে আল কোরআন, মহানবী (সা.)-এর পবিত্র আদর্শ এবং তাঁর আহলেবাইত (আ.)-এর জীবনধারা অনুসরণের বিকল্প নেই।"
অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও জোর দিয়ে বলেন, আল কোরআন ও রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুসরণের মাঝেই মানবজাতির প্রকৃত মুক্তি ও শান্তি নিহিত রয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মূড়লী ইমাম বাড়ির পেশ ইমাম জনাব ইকবাল হুসাইন, হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আবির হুসাইন, সংগঠনের উপদেষ্টা জনাব আতাহার হুসাইন, শার্শা ইমাম বাড়ির পেশ ইমাম হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আব্দুল করিম, শার্শা শিয়া মসজিদ কমিটির সম্পাদক রেজাউল ইসলাম, স্বরূপদাহ শিয়া মসজিদ কমিটির দায়িত্বশীল জনাব খায়রুল ইসলাম, ‘জাগ্রত ঝিকরগাছা’র ডিরেক্টর মাহাবুব শাহরিয়ার এবং বেজিয়াতলার মোবাল্লিগ আয়ুব হোসেন।
আপনার মতামত লিখুন :