• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

‘সংবিধানের কোনো সংশোধন নয়, আমূল সংস্কার চাই’: যশোরে মিঞা গোলাম পরওয়ার


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬, ১৪:০৭
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
সংবিধানের কোনো সাধারণ সংশোধন নয়, বরং সংবিধানের আমূল সংস্কারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিঞা গোলাম পরওয়ার। তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, বর্তমান সরকার ফ্যাসিবাদের পথ অনুসরণ করে সংখ্যাগরিষ্ঠতার ছড়ি ঘোরালে তা দেশের জনগণ মেনে নেবে না। অবিলম্বে গণভোটে জনগণের সরাসরি রায়কে অগ্রাধিকার দিয়ে সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

শুক্রবার (৩১ জুলাই) যশোরের বিডি হলে জেলা ১১ দলীয় ঐক্য আয়োজিত '২০২৪-এর গণঅভ্যুত্থান: প্রত্যাশা ও প্রাপ্তি' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মিঞা গোলাম পরওয়ার বলেন, "ধারণাগতভাবে আমরা কোনো সংশোধন মানি না, আমরা সংবিধানের আমূল সংস্কার চাই। পার্লামেন্টে এসে বলুক—'আমরা সংবিধান সংস্কারের ট্রেন মিস করেছি, আসুন উভয় পক্ষ মিলে সংস্কারের জন্য একটি কমিটি করি।' তা না করে যদি ফ্যাসিবাদের পথে হাঁটেন, তবে তার পরিণাম ভালো হবে না।"

গণভোটের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সামান্য কিছু সংশোধন দিয়ে সংবিধানের মৌলিক পরিবর্তন সম্ভব নয়। ছয়টি কমিশনের প্রস্তাব অনুযায়ী আমূল পরিবর্তনই জনগণের মূল প্রত্যাশা।
দেশের বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি তুলে ধরে জামায়াতের সেক্রেটারি জেনারেল ক্ষোভ প্রকাশ করে বলেন, গত পাঁচ মাসেও দেশে কাঙ্ক্ষিত কোনো পরিবর্তন আসেনি। জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা থেকে শুরু করে উন্নয়ন কর্তৃপক্ষ এমনকি সামাজিক প্রকল্পগুলোতেও দলীয়করণ বাসা বেঁধেছে বলে তিনি অভিযোগ তোলেন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সংসদে জনগণের রায় মেনে না নেওয়া হলে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলে গণভোটের রায় পুনর্বহালে বাধ্য করা হবে।

যশোর জেলা জামায়াতের আমীর ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসূলের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি আবু জাফর সিদ্দিকীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ.এস.এম শাহরিয়ার কবির, যশোর-১ আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান, যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, যশোর-৬ আসনের সংসদ সদস্য মুক্তার আলী, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী নুরুজ্জামান, এলডিপি জেলা সম্পাদক খালেকুজ্জামান রিপন এবং এবি পার্টির জেলা সভাপতি ইয়ামিনুর রহমান।

সভায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, অধ্যাপক শামসুজ্জামান, মনিরুল ইসলাম, প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, দপ্তর সম্পাদক নূর ই আল মামুন, শহীদ তৌহিদুল ও শহীদ আব্দুল্লাহর পিতা আব্দুল জব্বার এবং জুলাই যোদ্ধা আব্দুল আহাদসহ ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতৃবৃন্দ।