• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

মণিরামপুরে ৬২ হাজার পিস মাদকসহ আটক ১


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০
ছবির ক্যাপশন:

মণিরামপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের মণিরামপুরে পুলিশের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য ও একটি মিনি পিকআপসহ ফারুক হোসেন ওরফে জুয়েল (৩৯) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৬২ হাজার পিস ট্যাপিংটাডল (TAPENTADOL) ট্যাবলেট এবং ৫০ বোতল উইনসেরেক্স (WINCEREX) কাফ সিরাপ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর, ২০২৬) রাত ১টা ৫ মিনিটের দিকে মণিরামপুর থানাধীন ৯ নং ঝাঁপা ইউনিয়নের ডুমুরখালী-রাজগঞ্জগামী সড়কের কোমলপুর বাজারস্থ রাফেজা টেলিকমের সামনে এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু সাঈদের নেতৃত্বে এসআই মোঃ আমিরুল ইসলাম, এসআই ওবায়দুর রহমান এবং এএসআই মো: সামছুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স উক্ত স্থানে একটি বিশেষ চেকপোস্ট বসায়। এ সময় সন্দেহভাজন একটি মিনি পিকআপ থামিয়ে তল্লাশি চালায় পুলিশ।

তল্লাশিকালে পিকআপটির ড্রাইভিং সিটের পেছনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬২ হাজার পিস ট্যাপিংটাডল ট্যাবলেট ও ৫০ বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। একই সাথে মাদক বহনে ব্যবহৃত মিনি পিকআপটি জব্দ করা হয় এবং এর চালক ফারুক হোসেনকে আটক করা হয়।

আটককৃত আসামি ফারুক হোসেন ওরফে জুয়েল সাতক্ষীরা জেলার কলারোয়া থানার শ্রীপতিপুর পূর্ব গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মণিরামপুর থানা পুলিশ জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা (মামলা নং-২৩, তারিখ: ২৪/০৯/২০২৬) রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।