অভয়নগরে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬, ১৯:১৯
অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে স্বপ্ন ক্লিনিক অ্যাণ্ড ডায়াগনস্টিক সেন্টার নামের একটি বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় মরিয়ম খাতুন (১৯) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। অপারেশনের পর মরিয়ম খাতুনের মৃত্যু হলেও নবজাতক পুত্রসন্তান সুস্থ রয়েছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ মাসুদ রানা।
মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মরিয়ম খাতুন অভয়নগর উপজেলার বাঘুটিয়া গ্রামের হাসান আলী শেখের মেয়ে এবং খুলনার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা ডাকুরিয়া গ্রামের হাসানুর রহমানের স্ত্রী।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে মরিয়ম খাতুনকে ডেলিভারির জন্য স্বপ্ন ক্লিনিক অ্যাণ্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। এদিন রাত সাড়ে ১১টার দিকে সার্জন ডা. শামীমুজ্জামান তাকে অপারেশন থিয়েটারে (ওটি) নিয়ে যান। কিছুক্ষণ পর সুস্থ একটি নবজাতক পুত্রসন্তানের জন্ম হলেও প্রসূতিকে ওটি থেকে বের করা হয়নি। বিষয়টি নিয়ে স্বজনরা উদ্বেগ প্রকাশ করলে দায়িত্বরত নার্সরা পরিবারের সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ শুরু করে। রাত ৩টার দিকে অচেতন অবস্থায় মরিয়মকে খুলনা গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে ক্লিনিক কর্তৃপক্ষ। বুধবার ভোরে গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছালে কর্তৃপক্ষ রোগীকে ভর্তি করতে অস্বীকৃতি জানায়। পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মরিয়মকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত মরিয়মের বাবা হাসান আলী শেখ বলেন, ‘ডাক্তারের ভুল চিকিৎসায় মেয়েকে হারালাম। ওটির ভেতরেই আমার মেয়ের মৃত্যু হয়েছে। দায় এড়াতে ক্লিনিক কর্তৃপক্ষ গভীর রাতে নাটক সাজিয়ে খুলনায় পাঠিয়েছিল। হত্যার সঙ্গে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
স্বপ্ন ক্লিনিক অ্যাণ্ড ডায়াগনস্টিক সেন্টারে দায়িত্বরত সার্জন ডা. শামীমুজ্জামান বলেন, ‘অপারেশনের পর রোগীর রক্তচাপ হঠাৎ কমে যায়। পরে তার হার্ট অ্যাটাক হলে গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। শুনেছি সেখানেই তিনি মারা যান। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়নি বলেও দাবি করেন তিনি।’
অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব বলেন, ‘দুঃখজনক ঘটনা। লিখিত অভিযোগ পেলে ওই ক্লিনিকের বিরুদ্ধে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ ব্যাপারে বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে যশোর জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ মাসুদ রানা বলেন, ‘অভয়নগরে একটি প্রাইভেট ক্লিনিকে প্রসূতি মৃত্যুর ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আপনার মতামত লিখুন :