বিদ্যুতের দাম বাড়ছে কি না জানা যাবে বুধবার বিকেলে
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬, ১১:৪৪
স্বপ্নভূমি ডেস্ক :
বিদ্যুতের পাইকারি, সঞ্চালন এবং খুচরা মূল্যহার পুনর্নির্ধারণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল বুধবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
মঙ্গলবার (২ জুন) এক সংবাদ বার্তায় বিইআরসি জানায়, বুধবার বিকেল ৩টায় কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই সিদ্ধান্ত প্রকাশ করা হবে।
এর আগে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিবিপিএলসি) সঞ্চালন মূল্যহার এবং ডিপিডিসি, ডেসকো, ওজোপাডিকো, নেসকো ও পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) খুচরা মূল্যহার পরিবর্তনের জন্য কমিশনে আবেদন জমা দেয়। এই প্রস্তাবগুলোর ওপর গত ২০ ও ২১ মে দুই দিনব্যাপী গণশুনানি অনুষ্ঠিত হয়।
গত মে মাসের গণশুনানিতে দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি প্রতি ইউনিট বিদ্যুতের দাম ন্যূনতম ৮৫ পয়সা থেকে সর্বোচ্চ ২ টাকা ৫ পয়সা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছিল।
কোম্পানিগুলোর প্রস্তাবিত দাম বৃদ্ধির হার:
- নেসকো: প্রতি ইউনিট ২ টাকা ৫ পয়সা
- ডেসকো: প্রতি ইউনিট ১ টাকা ৯৮ পয়সা
- পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি): প্রতি ইউনিট ১ টাকা ৭৭ পয়সা
- ডিপিডিসি: প্রতি ইউনিট ১ টাকা ৫৪ পয়সা
- ওজোপাডিকো: প্রতি ইউনিট ১ টাকা ৩৯ পয়সা
- পিডিবি: প্রতি ইউনিট ৮৫ পয়সা
তবে বিতরণ কোম্পানিগুলোর এই আকাশচুম্বী প্রস্তাবের বিপরীতে বিইআরসির কারিগরি কমিটি (ইভালুয়েশন টিম) মূল্যায়ন শেষে ভিন্ন সুপারিশ করেছে। গ্রাহকপর্যায়ে চাপ কমাতে কারিগরি কমিটির সুপারিশে বলা হয়েছে, বিতরণ কোম্পানিগুলোর বিদ্যুতের দাম গড়ে প্রতি ইউনিট ১ টাকা ২৫ পয়সা বাড়ানো যেতে পারে।
কারিগরি কমিটির এই সুপারিশ নাকি বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাব—কোনটি আমলে নিয়ে বিইআরসি চূড়ান্ত দাম নির্ধারণ করল, তা আগামীকাল বিকেলের ব্রিফিংয়েই পরিষ্কার হবে।
আপনার মতামত লিখুন :