ঢাকা-১৮ আসনে নিরাপত্তা শঙ্কায় ১১ দলীয় জোটের প্রার্থী
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারী ২০২৬, ১১:৪৭
স্বপ্নভূমি ডেস্ক :
রাজধানীর খিলক্ষেতে নির্বাচনী প্রচারণার সময় হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন ঢাকা-১৮ আসনে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী মো. আরিফুল ইসলাম। এই ঘটনায় নিজের ও দলীয় নেতাকর্মীদের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা প্রকাশ করে হামলাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন তিনি।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে উত্তরার বিএনএস সেন্টারে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে শাপলা কলি প্রতীকের এই প্রার্থী এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে আরিফুল ইসলাম জানান, সোমবার সকাল সাড় ৮টার দিকে খিলক্ষেতের ডুমনি এলাকায় নির্বাচনী প্রচারণায় যান তারা। নূরপাড়া আলিম মাদরাসা মাঠে পৌঁছালে স্থানীয় বিএনপি নেতা দিদার মোল্লার নেতৃত্বে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় মাদরাসার অধ্যক্ষ আলমগীর হোসেন, জামায়াত কর্মী রিয়াজুল হোসেন এবং ইনসাফ কর্মী সাইফুল ইসলামসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি। হামলায় জড়িত হিসেবে তিনি সেলিম মিয়া, ইসরাফিল, নাহিন, রানাসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করেন।
আরিফুল ইসলাম বলেন, "আমরা সাধারণ পরিবার থেকে উঠে আসা মানুষ। সাধারণ মানুষকে নিয়ে কাজ করছি। কিন্তু যেভাবে আমাদের ওপর হামলা ও হুমকি দেওয়া হচ্ছে, তাতে আমি নিজের এবং নেতাকর্মীদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আব্দুল্লাহপুরে আমাদের নির্বাচনী কার্যালয়ের ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে এবং খিলক্ষেতে কার্যালয় উদ্বোধনের সময়ও বাধা দেওয়া হয়েছে।"
বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে সংঘাত সৃষ্টির পায়তারার অভিযোগ এনে আরিফুল বলেন, "আজ বিকেল ৪টায় উত্তরার আজমপুরে আমাদের পূর্বনির্ধারিত গণমিছিল রয়েছে। কিন্তু একই স্থানে বিকেল ৩টায় বিএনপি পাল্টা কর্মসূচি দিয়েছে। এটি উদ্দেশ্যপ্রণোদিত এবং সংঘাতের পরিবেশ তৈরির চেষ্টা।"
সংবাদ সম্মেলন থেকে খিলক্ষেতের ডুমনি এলাকায় হামলার ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানানো হয়। অন্যথায় পরবর্তী কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন ১১ দলীয় জোটের এই প্রার্থী।
আপনার মতামত লিখুন :