ভবদহের জলাবদ্ধতা নিরসনে ৩ দফা দাবিতে যশোরে অবস্থান কর্মসূচি
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৩ অগাস্ট ২০২৬, ৬:২৫
স্বপ্নভূমি ডেস্ক :
যশোরের দীর্ঘদিনের অভিশাপখ্যাত ভবদহ অঞ্চলের স্থায়ী জলাবদ্ধতা নিরসনে ৩ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি। আজ সোমবার যশোর জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অবস্থান কর্মসূচি থেকে বক্তারা বিলে টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) বাস্তবায়ন এবং নদী খননের কাজ একই সাথে চালু রাখার ওপর বিশেষ জোর দেন।
সংগ্রাম কমিটির ৩ দফা দাবিগুলো হলো:
১. অবিলম্বে টিআরএম বাস্তবায়ন করা এবং নদী খনন ও টিআরএম প্রক্রিয়া একই সাথে চালু রাখা।
২. দ্রুত আমডাঙ্গা খাল সংস্কারের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।
৩. খর্নিয়া ব্রিজের পাশের আড় বাঁধসহ সকল অবৈধ আড়বাঁধ ও পলি অপসারণ করা।
অবস্থান কর্মসূচিতে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা ইকবাল কবীর জাহিদ ও তসলিম-উর-রহমান, সদস্য সচিব চৈতন্য কুমার পাল, এবং সদস্য অনিল বিশ্বাস, শেখর রায়, মাসুদ শেখ, সাধন বিশ্বাস, বিকাশ চন্দ্র মল্লিক, পলাশ বিশ্বাস ও রাজু আহমেদসহ স্থানীয় আন্দোলনকারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও সংগ্রাম কমিটির দাবির প্রতি পূর্ণ একাত্মতা প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।
কর্মসূচিতে বক্তারা চরম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভবদহ অঞ্চলের লাখ লাখ মানুষকে কৃত্রিম জলাবদ্ধতার চরম দুর্ভোগ থেকে বাঁচাতে টিআরএম বাস্তবায়ন এবং নদী পুনরুজ্জীবনের কোনো বিকল্প নেই। সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি দ্রুততম সময়ের মধ্যে এসব যৌক্তিক দাবি মেনে না নেয়, তবে আগামীতে পুরো অঞ্চলজুড়ে আরও কঠোর ও তীব্র আন্দোলনের ডাক দেওয়া হবে।
আপনার মতামত লিখুন :