বাহাদুরপুরে যৌথ অভিযান: যশোর থেকে ওয়ারেন্টভুক্ত ডাকাত সরদার শফি গ্রেফতার
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৩০ অগাস্ট ২০২৬, ৬:১৭
স্টাফ রিপোর্টার :
যশোর জেলার কোতোয়ালী মডেল থানাধীন বাহাদুরপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে ছয়টি মামলার ওয়ারেন্টভুক্ত এক ডাকাত সরদারকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতারকৃত আসামির নাম মোঃ শফিয়ার রহমান ওরফে শফি ড্রাইভার।
আজ রোববার (৩০ আগস্ট ২০২৬) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব।
র্যাব জানায়, অদ্য ৩০ আগস্ট বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ (সিপিসি-৩, যশোর) এবং র্যাব-৩ (ঢাকা)-এর একটি যৌথ আভিযানিক দল বাহাদুরপুর পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। ওই এলাকার স্থানীয় বাসিন্দা মোঃ ইউনুসের বসতবাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় বিকেলে ডাকাত সরদার শফি ড্রাইভারকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শফি ড্রাইভার ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার পিরোজপুর এলাকার শামছুদ্দিন বিশ্বাসের ছেলে। তার বিরুদ্ধে একাধিক ডাকাতি ও অপরাধমূলক কর্মকাণ্ডের মোট ছয়টি মামলায় গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) ছিল।
র্যাব-৬ কর্মকর্তা জানান, র্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত, ওয়ারেন্টভুক্ত আসামি, ডাকাত, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধীদের আইনের আওতায় আনতে কঠোর ভূমিকা পালন করে আসছে। এরই অংশ হিসেবে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :