• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

কেশবপুরে টাকার অভাবে নিভতে বসেছে ছোট্ট হাবিবের জীবন


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৬
ছবির ক্যাপশন: ad728

কেশবপুর প্রতিনিধি ঃ
ঠিকমতো হাঁটতে শেখার আগেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে হাবিব নামের দুই বছরের এক নিষ্পাপ শিশু। জন্মের পরেই তার হার্টে ধরা পড়েছে ছিদ্র। চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত অপারেশন না করালে তাকে হয়তো বাঁচানো সম্ভব হবে না।

যশোরের কেশবপুর পৌরসভার মধ্যকুল আমতলা এলাকার সাধারণ ফার্ণিচার মিস্ত্রী আব্দুল্লাহ সরদার ও গৃহিণী ফিরোজা বেগমের ঘরে দুই কন্যার পর জন্ম হয়েছিল হাবিবের। তার জন্মগ্রহণে পরিবারের সবার ভেতর ছিল আনন্দ। কিন্তু সেই আনন্দ বেশিদিন স্থায়ী হয়নি। জন্মের মাত্র ১৮ দিন পরেই হাবিবের হার্টে ধরা পড়ে ছিদ্র। মায়ের বুকের দুধটুকু ঠিকমতো জোটেনি ভাগ্যে। জন্মের পর থেকে কৌটার দুধ খাওয়ায়ে তাকে বাঁচিয়ে রাখতে হয়েছে। দুধ কেনা আর চিকিৎসকের দ্বারে দ্বারে ঘুরতে গিয়ে শিশু হাবিবের পরিবার আজ পুরোপুরি নিঃস্ব।

শিশু হাবিবের মা ফিরোজা বেগম বলেন, ‘জন্মের ১৮ দিন পরে ছেলেটার হার্টে ছিদ্র ধরা পড়েছে। ২ বছর ধরে চিকিৎসা করাতে গিয়ে অনেক টাকা খরচ করেছি। চারবার মানুষের কাছ থেকে টাকা নিয়ে ঢাকায় গিয়েছি। শেষবার টাকার জন্য ফিরে এসেছি, চিকিৎসা করাতে পারিনি। অপারেশনসহ চিকিৎসার জন্য ৫ লাখ টাকা লাগবে’। 

বর্তমানে হাবিবের শারীরিক অবস্থা আরও বেশি অবনতির দিকে ধাবিত হচ্ছে। অক্সিজেনের অভাবে তার ঠোঁট ও আঙুলগুলো ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে। চোখের সামনে তিলে তিলে সন্তানকে নিভে যেতে দেখা ছাড়া অসহায় বাবা-মায়ের আর কোন উপায় নেই। তাই সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের একটু সহানুভূতি আর আর্থিক সহযোগিতা প্রত্যাশা করেছে হাবিবের পরিবার। শিশু হাবিবের পরিবারের সাথে যোগাযোগের নম্বর-০১৯৬১১০৮১২০