কেশবপুরে দুর্ধর্ষ চুরি: তালা কেটে ৫ লক্ষাধিক টাকার মালামাল ও নগদ অর্থ লুট
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬, ১৩:০৯
কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এক রাতেই দুটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাতে শার্টারের তালা কেটে ভেতরে ঢুকে নগদ অর্থসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে চোরচক্র।
ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুরাতন বাসস্ট্যান্ড এলাকার হাবিবুর রহমানের মালিকানাধীন বিকাশ, ফ্লেক্সিলোড ও কনফেকশনারি দোকানে এই চুরির ঘটনা ঘটে। ব্যবসায়ী হাবিবুর রহমান জানান, রাত ২টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়িতে যান। রোববার ভোরে তার বাবা আনসার আলী দোকান খুলতে গিয়ে দেখেন শার্টারের তালা ভাঙা। ভেতরে গিয়ে দেখা যায়, ক্যাশ ড্রয়ার ভেঙে গচ্ছিত রাখা ৪ লাখ ৭৬ হাজার টাকা এবং চার কার্টন বিভিন্ন নামি ব্র্যান্ডের সিগারেট নিয়ে গেছে চোরেরা।
দুর্ধর্ষ এই চুরির আগে চোরচক্র দোকানের সিসিটিভি ক্যামেরার তার কেটে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়, যাতে তাদের পরিচয় শনাক্ত করা না যায়।
একই রাতে পাশের ‘সাবা ডেন্টাল কেয়ার’ নামে একটি প্রতিষ্ঠানেও চুরির চেষ্টা চালানো হয়। ওই প্রতিষ্ঠানের মালিক কে এম জিয়াউর রহমান জানান, চোরেরা তার দোকানের শার্টার কেটে ভেতরে ঢুকে ড্রয়ার ভেঙে তছনছ করেছে। তবে সেখান থেকে কোনো মূল্যবান সামগ্রী খোয়া যায়নি বলে তিনি নিশ্চিত করেন।
এ বিষয়ে কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, চুরির ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ জড়িতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে তদন্ত শুরু হয়েছে। দ্রুতই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :