• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

আমি শিক্ষকতায় ফিরতে চাই’: পদত্যাগের ঘোষণা দিলেন ঢাবি উপাচার্য


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৬
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাস রুমে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে ড. নিয়াজ আহমদ খান বলেন, “একটি আপদকালীন ও বিশেষ পরিস্থিতিতে আমি দায়িত্ব নিয়েছিলাম। আপনাদের সহযোগিতা ও অংশীজনদের ভালোবাসায় আমরা সেই পরিস্থিতি উত্তরণ করতে পেরেছি। এখন যেহেতু পরিস্থিতি স্থিতিশীল, তাই আমি উপাচার্যের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে আমার মূল কাজ— শিক্ষকতায় ফিরতে চাই।”

ঠিক আগে কেন এই ঘোষণা— এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, নতুন রাজনৈতিক সরকার আসার পর যেন কোনো প্রশাসনিক শূন্যতা তৈরি না হয় এবং বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিকতা যেন বজায় থাকে, সেজন্যই তিনি আগেভাগে এই ঘোষণা দিচ্ছেন। তিনি বলেন, “আমি চাই একটি ‘স্মুথ ট্রানজিশন’। সরকার যদি মনে করে ধারাবাহিকতা রক্ষায় আরও কয়েক দিন থাকা প্রয়োজন, তবে আমি তা বিবেচনা করব। তবে আমি সরে দাঁড়ানোর জন্য মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুত।”

কোনো মহলের চাপে পড়ে পদত্যাগ করছেন কি না, এমন প্রশ্নের জবাবে ভিসি বলেন, “অনেকে মনে করতে পারেন আমি চাপে পড়ে সিদ্ধান্ত নিচ্ছি। কিন্তু আমি চাপে নত হওয়ার মানুষ নই। কোনো প্রকার চাপের কারণে নয়, বরং আমি মনে করি এখনই জানানো দরকার। নির্বাচনের পর সরে দাঁড়ালে মনে হতে পারে নতুন সরকারের সঙ্গে আমার মনোমালিন্য আছে, যা মোটেও সত্য নয়।”

বর্তমানে ডেপুটেশনে থাকা এই উপাচার্য জানান, তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক হিসেবে পুনরায় শিক্ষকতায় ফিরে যেতে চান। উপাচার্যের পদটিকে তিনি একটি ‘আমানত’ হিসেবে উল্লেখ করে বলেন, “ছাত্ররা ভালোবেসে আমাকে এই দায়িত্ব দিয়েছিলেন। আমি পেরেছি, এখন আমি এটি ফেরত দিতে চাই যাতে রাজনৈতিক সরকার তাদের মতো করে প্রশাসন সাজিয়ে নিতে পারে।”

অধ্যাপক নিয়াজ আহমদ খান আরও জানান, দেশের একটি বড় জাতীয় প্রতিষ্ঠানের স্বার্থে তিনি যেকোনো সময় নতুন প্রশাসনকে সহযোগিতা করতে প্রস্তুত আছেন।