অভয়নগরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬, ১০:০৩
অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মোহিনী বিশ্বাস (৭৫) নামে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) সকালে উপজেলার পায়রা ইউনিয়নের বারান্দি গ্রামের রাজবংশীপাড়ায় নিজ ঘরের বারান্দা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মোহিনী বিশ্বাস ওই গ্রামের মৃত মৃন্দা বিশ্বাসের স্ত্রী।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মোহিনী বিশ্বাস দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। যে কারণে পরিবারের সদস্যরা তাকে ঘরের বারান্দায় রাখতেন। রবিবার রাতের খাবার শেষে তিনি ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে পরিবারের সদস্যরা বারান্দার আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নিহতের প্রতিবেশী পায়রা ইউনিয়ন পিএনপির সভাপতি ইমাদ উদ্দিন গাজী বলেন, বৃদ্ধা মোহিনী বিশ্বাস দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। অসুস্থতা ও মানসিক রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে মনে হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সোমবার দুপুরে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘বৃদ্ধা নারীরর আত্মহত্যার বিষয়ে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
আপনার মতামত লিখুন :