• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে প্রতিবেশীদের বিরুদ্ধে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির অভিযোগ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬, ৬:২২
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক
যশোরে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশীদের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন, হামলার চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ফাতেমা খাতুন নামের এক নারী।

রবিবার (১৭ মে) প্রেসক্লাব যশোর-এ আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, দীর্ঘদিন ধরে তার প্রতিবেশী আব্দুস সামাদ ও তার পরিবারের সদস্যরা পরিকল্পিতভাবে তাদের পরিবারকে বিভিন্নভাবে হয়রানি করে আসছেন।

ফাতেমা খাতুন অভিযোগ করেন, বাড়ি ও জমিজমা নিয়ে বিরোধ সৃষ্টি করে অভিযুক্তরা জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছেন। বিভিন্ন সময়ে পরিবারের সদস্যদের মারধর, খুন-জখমের হুমকি এবং মিথ্যা মামলায় ফাঁসানোরও চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, সম্প্রতি পৈত্রিক সূত্রে পাওয়া ঘোপ মৌজার আরএস-২৩১৮ দাগের ৫ শতক জমিতে ভবন নির্মাণের কাজ শুরু করলে প্রতিপক্ষ আরও ক্ষিপ্ত হয়ে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়।

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, গত ১৪ মে দুপুর ১২টার দিকে অভিযুক্তরা তাদের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়। এ বিষয়ে প্রতিবাদ করলে আব্দুস সামাদের নাতি রাবিত হাতে ছুরি নিয়ে হামলার চেষ্টা করে এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনায় স্থানীয় একাধিক ব্যক্তি সাক্ষী রয়েছেন বলেও দাবি করেন তিনি।

এ ঘটনায় তার ভাই শহীদ আল মামুন যশোর কোতয়ালি থানা-য় আব্দুস সামাদ, তার ছেলে রিপন হোসেন এবং নাতি রাবিত ও সোহেল-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বলে জানান ফাতেমা খাতুন। তবে এখন পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন মামুন, রাজু ও সিফাতসহ পরিবারের অন্যান্য সদস্যরা।