• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোর আদ্- দ্বীন নার্সিং ইনস্টিটিউটে আন্তর্জাতিক নার্স দিবস ও নবীন বরণ অনুষ্ঠান


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬, ৬:১৫
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
যশোরের পুলেরহাটে অবস্থিত আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউটে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে আন্তর্জাতিক নার্স দিবস ও ২১তম ব্যাচের ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

সকালে ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী এবং হাসপাতালের স্টাফ নার্স ও কর্মকর্তারা অংশ নেন। র‍্যালিটি ৫০০ শয্যা বিশিষ্ট আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়। এরপর কলেজ অডিটোরিয়ামে নার্সিং পেশার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জীবনীর ওপর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা ও দেশবরেণ্য ইউরোলজিস্ট অধ্যাপক ডা. আতিকুর রহমান। তিনি বলেন, “স্বাস্থ্য খাতে নার্সদের অত্যন্ত আদরের ‘সিস্টার’ বলে সম্বোধন করা হয়, কারণ মা-বাবার পরেই ভাই-বোনের সম্পর্কটি সবচেয়ে প্রিয়। নবীন শিক্ষার্থীদের নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হতে হবে।” তিনি আরও উল্লেখ করেন যে, আদ্-দ্বীন যেভাবে আড়ম্বরপূর্ণভাবে এই দিবসটি পালন করে তা দেশে বিরল।

অনুষ্ঠানে আদ্-দ্বীন হাসপাতালে কর্মরত ১০ জন সিনিয়র স্টাফ নার্সকে তাদের কাজের সফলতার স্বীকৃতিস্বরূপ বিশেষ সনদপত্র প্রদান করা হয়। পাশাপাশি ২১তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জীবনের ওপর একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন ও মিউজিক্যাল ফিল্মের শুভ উদ্বোধন করা হয়। এছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে মঞ্চনাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. ফিরোজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ ইমদাদুল হক, আদ্-দ্বীন উইমেন্স ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজির অধ্যক্ষ ডা. অর্পণ মিত্র, রেলরোড আদ্-দ্বীন হাসপাতালের পরিচালক ডা. শীলা পোদ্দার এবং অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নার্সিং ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মেহেরুন্নেসা।