যশোরের ৮ উপজেলায় জাতীয় যুবশক্তির কমিটি গঠন
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯
স্টাফ রিপোর্টার :
যশোর জেলার আটটি উপজেলায় সাংগঠনিক কমিটি গঠন সম্পন্ন করেছে জাতীয় যুবশক্তি। জেলা কমিটির এক বছরের মেয়াদের মধ্যেই তৃণমূল পর্যায়ে সংগঠন বিস্তারের কার্যক্রম শেষ হয়েছে বলে জানিয়েছে সংগঠনটির জেলা শাখা।
জাতীয় যুবশক্তি যশোর জেলা শাখার আহ্বায়ক ইমদাদ হোসাইনের নেতৃত্বে এ সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, মাদার সংগঠন এনসিপি ও সহযোগী সংগঠনের সহায়তা এবং জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের প্রচেষ্টায় নির্ধারিত সময়ের মধ্যে কমিটি গঠন সম্পন্ন করা সম্ভব হয়েছে।
এ উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন জেলা শাখার আহ্বায়ক ইমদাদ হোসাইন।
এক বিবৃতিতে তিনি বলেন, “বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিরোধী অবস্থানে থেকে একটি নতুন সংগঠনের তৃণমূল পর্যায় পর্যন্ত সাংগঠনিক ভিত্তি তৈরি করা কঠিন কাজ ছিল। নানা চাপ, মতপার্থক্য ও প্রতিকূলতার মধ্যেও নেতাকর্মীরা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছেন। তাদের শ্রম, সময় ও ত্যাগের মাধ্যমে আটটি উপজেলায় কমিটি গঠন করা সম্ভব হয়েছে।”
তিনি আরও বলেন, “এই সফলতা কোনো একক ব্যক্তির অর্জন নয়; এটি জেলা শাখার প্রতিটি দায়িত্বশীল নেতাকর্মীর সম্মিলিত প্রচেষ্টার ফল। রাজনীতিতে মতপার্থক্য থাকা স্বাভাবিক এবং এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। বিভাজন বা প্রতিহিংসার পরিবর্তে যুক্তি, আদর্শ ও জনসম্পৃক্ততাকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।”
জেলা নেতৃত্বের ভাষ্য অনুযায়ী, আট উপজেলায় কমিটি গঠনকে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমের একটি ধাপ হিসেবে দেখা হচ্ছে। আগামী দিনে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও সুশৃঙ্খল করার পাশাপাশি জনগণের অধিকার ও বিভিন্ন নাগরিক ইস্যুতে কাজ করার প্রত্যয় জানিয়েছে জাতীয় যুবশক্তি যশোর জেলা শাখা।
আপনার মতামত লিখুন :