খাজনা বৃদ্ধির প্রতিবাদে বৃহত্তর সবজি হাট বারীনগরে সবজি কেনা বেচা বন্ধ, বিপাকে কৃষক
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬, ১৩:৩৩
স্টাফ রিপোর্টার :
অযৌক্তিক খাজনা বৃদ্ধির প্রতিবাদে বৃহত্তর কাঁচা বাজার যশোরে বারীনগরের সবজি কেনা-বেচা বন্ধ ঘোষণা করেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (১৬এপ্রিল) সকাল থেকে তারা সকল প্রকার সবজি কেনাবেচা বন্ধ করে রাখে । ফলে বাজারে সবজি বিক্রি করতে এসে বিপাকে পড়েন কৃষক। এর ফলে যশোর-ঝিনাইদহ মহা সড়কে যানজটে সৃষ্টি হয়। পরে হাট মালিকদের সাথে বৈঠক শেষে সবজি কেনা শুরু করেন পাইকারী ব্যবসায়ীরা।
জানা যায়, গত বছর বারীনগর বাজারে খাজনা ছিলো প্রতি মনে ৮ টাকা হারে। চলতি পহেলা বৈশাখ থেকে বাজারের নতুন ইজারা দেওয়ার পর হঠাৎ ব্যবসায়ী বা কৃষকদের সাথে কোন প্রকার কথা বলা বাদেই আজ সকাল থেকে প্রতি মনে ১ টাকা বৃদ্ধি করে ৮ টাকার জায়গায় ৯ টাকা করেন হাট মালিকরা। এতে ফুঁসে উঠেন বাজারে সবজি কিনতে আসা খুচরা ও পাইকারী ব্যবসায়ীরা। খাজনা বৃদ্ধির প্রতিবাদে তারা সকল সবজি কেনা বন্ধ করে দেয়। এমন সিদ্ধান্তে বাজারে সবজি বিক্রি করতে এসে বিপাকে পড়েন শত শত কৃষক। তারা তাদের সবজি নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেন রাস্তার উপর। এসময় বাজারে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
কৃষক নজরুল ইসলাম বলেন, হঠাৎ সবজি কেনা বন্ধের সিদ্ধান্তে তারা চরম বিপাকে পড়েন। গরমে অতিষ্ঠ হয়ে তারা তাদের সবজি নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েই আছেন।
আব্দুস সাত্তার নামের একজন কৃষক জানান, বাজারে খাজনা ও মন প্রতি ঢলতা নিয়ে কিছু সময় সবজি কেনা বন্ধ করে রাখেন ব্যবসায়ীরা পরে সমাধান হলে কেনা বেচা শুরু হয়।
একাধিক কৃষক অভিযোগ করেন, বাজারে অনেক সময় ব্যবসায়ীরা প্রতি মনে ইচ্ছা খুশি মত ঢলতা নিয়ে থাকেন। এই বিষয়টি গুরুত্বের সাথে দেখার জন্য তারা হাট মালিকদের নজর দিতে অনুরোধ জানিয়েছেন।
এ বিষয়ে হাট মালিক আব্দুস সালাম বলেন, বিগত আওয়ামীলীগের সময় খাজনা ছিলো প্রতি মনে ১০ টাকা। আমরা গত বছর সেইটা কমিয়ে ৮ টাকা করি। এ বছর নতুন ডাক পাওয়ার পর সার্বিক লোকসান বিবেচনা করে প্রতি মনে ১ টাকা বৃদ্ধি করে ৯ টাকা করা হয়।
মূলত একটা মহল বাজারে সুনাম নষ্ট করতে ব্যবসায়ীদের ভুল বুঝিয়ে কিছু সময় সবজি কেনা বন্ধ রাখেন। পরে খবর পেয়ে আমরা ব্যবসায়ীদের সাথে বসে সমস্যার সমাধান করি। এখন বাজারে সকল কেনাবেচা স্বাভাবিক রয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, আমরা ঘটনাটি শুনেছি। সাজিয়ালি পুলিশ ক্যাম্পকে নিদেশ দিয়েছি দ্রুত সমাধানের জন্য।
আপনার মতামত লিখুন :