• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

পেশাগত অধিকার ও আইন সচেতনতায় যশোরে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬, ০৮:১৭
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক, যশোর:
গণমাধ্যমকর্মীদের পেশাগত অধিকার, দায়িত্ববোধ এবং সাংবাদিকতার আইন ও বিধি-বিধান সম্পর্কে সচেতনতা বাড়াতে যশোরে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

আজ বুধবার (০৭ অক্টোবর ২০২৬) সকালে যশোর জেলা প্রশাসনের সহযোগিতায় এবং বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘গণমাধ্যমকর্মীদের পেশাদারিত্ব নিশ্চিতকরণে অধিকার ও পেশাগত দায়িত্ববোধ সম্পর্কিত আইন ও বিধি-বিধান বাস্তবায়নের গুরুত্ব’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালার সূচনা হয়।

যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকারের সভাপতিত্বে আয়োজিত কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্মসচিব) মো. আব্দুস সবুর।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা রেজাউল করিম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক নুর ইসলাম, দৈনিক গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু এবং সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান।

উদ্বোধনী পর্বে বক্তারা বলেন, একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম গড়ে তুলতে সাংবাদিকদের পেশাগত দক্ষতার পাশাপাশি সাংবাদিকতার আইনি কাঠামো ও নৈতিক নীতিমালা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি। কোনো সংবাদের বিভ্রান্তি এড়াতে সঠিক তথ্য যাচাই (ফ্যাক্ট চেক) এবং পেশাগত নৈতিকতা বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান তাঁরা।

উদ্বোধনী পর্বের পর বর্তমানে মূল প্রশিক্ষণ সেশন পরিচালিত হচ্ছে। এতে প্রেস কাউন্সিল আইন, সংবাদের সত্যতা যাচাই পদ্ধতি, অনুসন্ধানমূলক সাংবাদিকতায় বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহ এবং আইনি সুরক্ষার নানা দিক তুলে ধরা হচ্ছে। দিনব্যাপী এ প্রশিক্ষণে যশোর জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রবীণ ও নবীন সাংবাদিকরা অংশগ্রহণ করছেন।