• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

২০২৭ সালের এসএসসি ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬, ৬:২৫
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক 
শিক্ষাব্যবস্থায় দীর্ঘদিনের পুঞ্জীভূত সেশনজট নিরসনে বৈপ্লবিক পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার। ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা প্রচলিত নিয়ম ভেঙে ওই বছরের ডিসেম্বর মাসেই আয়োজনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই লক্ষ্য বাস্তবায়নে এইচএসসি পরীক্ষাও উল্লেখযোগ্যভাবে এগিয়ে আনা হবে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি নীতিমালা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, “আমরা চাচ্ছি দুই বছরের লেখাপড়া যেন দুই বছরেই শেষ হয়। বোর্ড পরীক্ষার কারণে শিক্ষার্থীদের জীবন থেকে যেন বাড়তি এক-দুই বছর ঝরে না পড়ে, সেভাবে আমরা সবকিছু অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। আমাদের টার্গেট হলো ডিসেম্বর মাসের মধ্যেই সিলেবাস শেষ করে পরীক্ষা সম্পন্ন করা।”

বর্তমান শিক্ষাব্যবস্থায় পরীক্ষা ও ভর্তির মধ্যবর্তী দীর্ঘ সময়ের অপচয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, “গত বছর জুন মাসে এইচএসসি শুরু হয়ে রেজাল্ট পেতে অক্টোবর হয়েছে, আর ভর্তি পরীক্ষা হয়েছে ২০২৬ সালের জানুয়ারিতে। আজ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি পরীক্ষা চলছে। এই যে দীর্ঘ সময় অতিবাহিত হচ্ছে, এটি আমরা ‘স্কুইজ’ (সংকুচিত) করে সমন্বয় করতে চাই।”

তিনি আরও বলেন, “পরীক্ষা শেষ, রেজাল্ট হবে এবং তার পরপরই কোনো গ্যাপ ছাড়াই যেন অ্যাডমিশন টেস্টগুলো হয়ে যায়, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। এতে শিক্ষার্থীদের অহেতুক কোচিং সেন্টারের ওপর নির্ভরতা কমবে এবং সময় বাঁচবে।”

মন্ত্রী জানান, এই পরিকল্পনা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গেও সমন্বয় করা হবে। সিলেবাস ও কারিকুলাম শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই যেন পরীক্ষা এবং পরবর্তী ধাপে ভর্তি প্রক্রিয়া শুরু করা যায়, সে বিষয়ে মন্ত্রণালয় প্রতিদিন কাজ করছে। তিনি দৃঢ়ভাবে বলেন, বোর্ডের অবহেলা বা প্রশাসনিক কোনো ত্রুটির কারণে শিক্ষার্থীদের শিক্ষা জীবনের ক্ষতি হতে দেওয়া হবে না।