স্বপ্নভূমি ডেস্ক :
রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশু রামিসা আক্তারকে (৮) ধর্ষণের পর নৃশংস হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত। তবে সোমবার (১ জুন) দুপুরে আদালতের এজলাস থেকে হাজতখানায় নেওয়ার পথে প্রধান আসামি সোহেল রানা চিৎকার করে ‘ডলার’ নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার দায় চাপিয়ে চাঞ্চল্যকর দাবি করেন।
ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন। মামলার পরবর্তী ধাপ হিসেবে আগামীকাল মঙ্গলবার (২ জুন) সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।
শুনানি চলাকালে রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি আজিজুর রহমান দুলু বলেন, শিশু রামিসাকে প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে বাথরুমে ধর্ষণ করা হয়। পরে তাকে মৃত ভেবে প্রমাণ লোপাটের জন্য মাথা ও হাত-পা কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করা হয়। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মুসা কালিমুল্লাহ দাবি করেন, পুলিশ কোনো প্রত্যক্ষদর্শী ছাড়াই তড়িঘড়ি করে তদন্ত শেষ করেছে।
আদালত থেকে বের হওয়ার সময় সোহেল রানা সাংবাদিকদের বলেন, “আমি ধর্ষণ করি নাই, বাচ্চারে ধর্ষণ করেছে ডলার। ও মিরপুর-১১ নম্বর লাইনের লোক। ডলার আমাকে বলেছে বাচ্চা এনে দিলে ২ লাখ টাকা দেবে। আমি শুধু পাপ করেছি লাশ কেটে, ওরে (ডলার) ধরলে সব পাবেন।” সে সময় সে আরও দাবি করে, ডিএনএ টেস্ট ছাড়াই তাকে অপরাধী করা হচ্ছে এবং তার স্ত্রী স্বপ্না এই ঘটনায় কোনোভাবেই জড়িত নন।
অভিযোগ গঠনের সময় সোহেলের স্ত্রী স্বপ্না আক্তার হাউমাউ করে কেঁদে ওঠেন। তিনি স্বামীর উদ্দেশ্যে বলেন, “তুমি বলো আমি দোষী কি না।” এ সময় সোহেল আদালতকে বলেন, তার স্ত্রী নির্দোষ। পরে হাজতখানায় নেওয়ার সময় স্বপ্নাকে সোহেলের দিকে অপলক তাকিয়ে থাকতে দেখা যায় এবং সোহেল তাকে অভয় দিয়ে চিন্তা করতে বারণ করেন।
গত ১৯ মে পল্লবীর ১১ নম্বর সেকশনের একটি ফ্ল্যাট থেকে শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিনই পালানোর সময় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের কাছে দেওয়া প্রাথমিক স্বীকারোক্তিতে সোহেল একাই এই কাজ করেছেন বলে জানালেও আজ আদালতে তিনি ‘ডলার’ নামে তৃতীয় এক ব্যক্তির সম্পৃক্ততার কথা সামনে আনলেন।
আগামীকাল এই মামলার প্রথম সাক্ষ্যগ্রহণের মাধ্যমে বিচার প্রক্রিয়ার পরবর্তী ধাপ শুরু হবে।
আপনার মতামত লিখুন :